মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসে থেকেও সংকট-দুর্যোগে মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:২০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
প্রবাসে থেকেও সংকট-দুর্যোগে মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে অবস্থান করলেও প্রবাসে থেকে দেশের বিভিন্ন সংকট ও দুর্যোগে তারেক রহমান মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ শেষে তিনি এ কথা বলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মাজার জিয়ারতের আয়োজন করা হয়।

রিজভী বলেন, ‘তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন কেবল জাতীয় পর্যায়েই নয়, দেশের একেবারে প্রান্তিক অঞ্চল পর্যন্ত পৌঁছাতে পেরেছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা কিংবা শীতের প্রকোপ—প্রতিটি জাতীয় সংকটে প্রবাসে থেকেও তিনি প্রতিনিয়ত নির্দেশনা দিয়েছেন এবং মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী দুঃশাসনের কঠিন সময়েও এ সংগঠনটি তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে অনলাইনে সায়েন্স এক্সিবিশনসহ নানা ব্যতিক্রমী কর্মসূচি পরিচালনা করেছে।’

রিজভী বলেন, দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ ও চিকিৎসাসহায়তার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার মতো নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, পরিচালক ড. মোর্শেদ হাসান খান এবং দেশের বিশিষ্ট চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

আমন ধান সংগ্রহে কটিয়াদীতে লটারি, ২৪৭ কৃষকের জন্য বরাদ্দ ৭৪১ টন

মাইনুল হক মেনু প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ
আমন ধান সংগ্রহে কটিয়াদীতে লটারি, ২৪৭ কৃষকের জন্য বরাদ্দ ৭৪১ টন

কৃষকদের কাছ থেকে সরাসরি আমন ধান সংগ্রহ এবং উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারি খাদ্য সংগ্রহ কর্মসূচির আওতায় লটারির মাধ্যমে ২৪৭ জন কৃষক নির্বাচিত হয়েছেন। ২০২৫-২৬ অর্থবছরের আমন ধান সংগ্রহ মৌসুমে নির্বাচিত এসব কৃষকের কাছ থেকে মোট ৭৪১ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। জেলার উপজেলাগুলোর মধ্যে কটিয়াদী দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ ধান সংগ্রহের বরাদ্দ পেয়েছে। সরকার নির্ধারিত প্রতি কেজি ৩৫ টাকা দরে নির্বাচিত কৃষকরা সরাসরি খাদ্যগুদামে ধান সরবরাহ করতে পারবেন।

মঙ্গলবার দুপুরে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ লটারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।

এ সময় তিনি বলেন, কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নিয়েছে। লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের নির্বাচন করা হচ্ছে, যাতে সবাই সমান সুযোগ পান। এ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, অনিয়ম কিংবা পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। নির্বাচিত কৃষকরা যাতে নির্বিঘ্নে সরকারি খাদ্যগুদামে ধান সরবরাহ করতে পারেন, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুল হক মেনু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেবনাথ, ওসি এলএসডি ছানোয়ার হোসেন, কটিয়াদী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. জজ মিয়াসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং কৃষক প্রতিনিধিরা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেবনাথ জানান, লটারির মাধ্যমে নির্বাচিত ২৪৭ জন কৃষকের কাছ থেকে মোট ৭৪১ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত ধান সরকারের কাছে বিক্রি করতে পারবেন। প্রতি কেজি ধানের সরকারি সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। নির্বাচিত কৃষকরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে সরাসরি খাদ্যগুদামে ধান সরবরাহ করতে পারবেন।

তিনি আরও জানান, সরকারের এ উদ্যোগের ফলে কৃষকরা মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীল না হয়ে সরাসরি সরকারি ব্যবস্থাপনায় ধান বিক্রির সুযোগ পাবেন। এতে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি তাঁদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, সরকারি এ সংগ্রহ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য হচ্ছে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বাজারে ধানের দাম স্থিতিশীল রাখা এবং সরকারি খাদ্য মজুত সমৃদ্ধ করা। বিশেষ করে মৌসুমের শুরুতে কৃষকরা যাতে উৎপাদিত ধান বিক্রি করে ন্যায্য দাম পান, সে লক্ষ্যেই সরাসরি কৃষক পর্যায় থেকে ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

লটারি অনুষ্ঠানে উপস্থিত কৃষক প্রতিনিধিরা এ পদ্ধতিকে স্বচ্ছ ও কৃষকবান্ধব উদ্যোগ হিসেবে অভিহিত করেন। তাঁদের মতে, লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করায় ধান বিক্রির ক্ষেত্রে অনিয়ম ও প্রভাব বিস্তারের আশঙ্কা কমবে। একই সঙ্গে সরকারি নির্ধারিত মূল্যে ধান বিক্রির সুযোগ পাওয়ায় কৃষকরা উপকৃত হবেন।

কটিয়াদীর ৯ ইউনিয়নে আর্ন প্রকল্প, প্রশিক্ষণ পাবেন ১ হাজার ২৮০ নারী

মাইনুল হক মেনু প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
কটিয়াদীর ৯ ইউনিয়নে আর্ন প্রকল্প, প্রশিক্ষণ পাবেন ১ হাজার ২৮০ নারী

দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন) প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফ্যামিলি টাইজ ফর উইমেন ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাফিজ আদনান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. আছমা আক্তার, কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুল হক মেনু, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান, কটিয়াদী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. জজ মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরেন উপজেলা ব্যবস্থাপক সুমিত বণিক। এ সময় প্রশিক্ষণ কার্যক্রম, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে। শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বাইরে থাকা (নিট) তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য। জাতীয় পর্যায়ে ৯ লাখ তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সহায়তার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাঁদের অন্তত ৬০ শতাংশ নারী।

প্রকল্পের আওতায় কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নের ১৬০টি গ্রামে কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ জন্য ১৬টি গ্রাম পর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্র (ভিলেজ লেভেল ট্রেনিং সেন্টার—ভিএলটিসি) স্থাপনের মাধ্যমে ১ হাজার ২৮০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২ হাজার ২৪০ জন তরুণ-তরুণীকে সামাজিক ও আবেগীয় দক্ষতা (এসইবি) এবং উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ (ইডিটি) দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, “তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা দেশের টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। বিশেষ করে যারা শিক্ষা, প্রশিক্ষণ কিংবা কর্মসংস্থানের বাইরে রয়েছে, তাদের জন্য দক্ষতা উন্নয়ন ও উপার্জনের সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্ন প্রকল্পের মাধ্যমে কটিয়াদীর তরুণ-তরুণীরা প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ পাবে বলে আমরা আশাবাদী।”

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর বলেন, “প্রশিক্ষণ গ্রহণের পর তারা যেন শুধু সনদ অর্জনেই সীমাবদ্ধ না থাকে; বরং অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান কিংবা নিজস্ব উদ্যোগ গড়ে তুলতে পারে। এ জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।”

সভায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, যুব উন্নয়ন অধিদপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও কমিউনিটির প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, কটিয়াদী উপজেলায় আর্ন প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম বাস্তবায়নে ফ্যামিলি টাইজ ফর উইমেন ডেভেলপমেন্ট ও ব্র্যাক যৌথভাবে কাজ করছে। প্রকল্পটির মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান এবং টেকসই জীবিকার সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা করা হচ্ছে।

কিশোরগঞ্জ-৩ আসনে প্রার্থী হতে চান তাড়াইল বিএনপির সভাপতি

রুহুল আমিন প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
কিশোরগঞ্জ-৩ আসনে প্রার্থী হতে চান তাড়াইল বিএনপির সভাপতি

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন সমাবেশ ও মিছিল করে শোডাউন করেছেন। পতিত স্বৈরাচারের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদের কথা জানিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে তিনি দলীয় নেতা-কর্মী ও অনুসারীদের নিয়ে এ কর্মসূচি পালন করেন।

উপজেলার সাতটি ইউনিয়ন থেকে ঢাকঢোল পিটিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও অনুসারী তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি তাড়াইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়।

কিশোরগঞ্জ-৩ আসনটি করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৬৬৩ জন। এর মধ্যে করিমগঞ্জ উপজেলায় ২ লাখ ৯১ হাজার ৫৭ জন এবং তাড়াইল উপজেলায় ১ লাখ ২১ হাজার ৬০৬ জন ভোটার রয়েছেন।

উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সারওয়ার হোসেন লিটন তাড়াইল থেকে প্রার্থী মনোনয়নের দাবি জানিয়েছেন। এ বিষয়ে তিনি জাতীয় অর্থনীতিকে বলেন, করিমগঞ্জ ও তাড়াইল নিয়ে আসনটি গঠিত হলেও বিএনপি বারবার করিমগঞ্জ থেকে প্রার্থী মনোনয়ন দিয়েছে। এবার তাড়াইল থেকে কাউকে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনা করতে দলের প্রতি আহ্বান জানান তিনি।

সারওয়ার হোসেন লিটন ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তাড়াইল উপজেলা শাখার সভাপতি ছিলেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রদলের নির্বাহী সদস্য এবং পরবর্তী সময়ে তাড়াইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে এখন পর্যন্ত ছয়জনের নাম আলোচনায় রয়েছে। তাঁরা হলেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ও জালাল মোহাম্মদ গাউস, চিকিৎসক এরশাদ আহসান সোহেল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের শিক্ষা বিষয়ক/যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিবুর রহমান ভূঁইয়া সবুজ।

তাড়াইলের বিএনপির নেতা-কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে উপজেলায় দলের সাংগঠনিক ভিত্তি মজবুত থাকলেও সংসদীয় নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে তাড়াইল বঞ্চিত হয়েছে। এবার তাড়াইল থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হলে দুই উপজেলার ভোটারদের মধ্যে ভারসাম্য তৈরি হবে এবং দল আরও ঐক্যবদ্ধ হবে বলে তাঁদের প্রত্যাশা।

উল্লেখ্য, অসুস্থতার কারণ দেখিয়ে গত ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে পদত্যাগপত্র পাঠান বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, পরবর্তী ৯০ দিনের মধ্যে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।