শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
[gtranslate]
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

আর্সেনালকে বিদায় করে ইতিহাস গড়ল ফ্লিটউড

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:২০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
আর্সেনালকে বিদায় করে ইতিহাস গড়ল ফ্লিটউড

ইংলিশ লিগ কাপে বড় অঘটনের শিকার হয়েছে আর্সেনাল। ইংল্যান্ডের চতুর্থ বিভাগের দল ফ্লিটউড টাউনের কাছে পেনাল্টি শুটআউটে ৫-৩ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে মিকেল আর্তেতার দল। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে জয় তুলে নেয় ফ্লিটউড।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ইংল্যান্ডের ফ্লিটউডে অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি শুটআউটে আর্সেনালের হয়ে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারায়েস। তাঁর শট ঠেকিয়ে দেন ফ্লিটউডের গোলরক্ষক জে লিঞ্চ। এরপর কোনর হগি জয়সূচক পেনাল্টিতে গোল করলে উল্লাসে মেতে ওঠেন স্বাগতিক সমর্থকেরা।

ম্যাচের ২১ মিনিটে অ্যারন লুপালো-বির গোলে এগিয়ে যায় ফ্লিটউড। বিরতির পর ৫০ মিনিটে ভিক্টর ইয়োকেরেস গোল করে আর্সেনালকে সমতায় ফেরান। এরপর নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো দল গোল করতে পারেনি।

ম্যাচের শেষ দিকে ৮৫ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় হ্যারিসন নিলকে লাথি মারার ঘটনায় লাল কার্ড দেখেন আর্সেনালের ১৬ বছর বয়সী তরুণ ফুটবলার ম্যাক্স ডাওম্যান। ফলে ম্যাচের শেষ সময় ১০ জন নিয়ে খেলতে হয় আর্সেনালকে।

রবিবার লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিয়মিত একাদশে বড় পরিবর্তন এনেছিলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। এভারটনের বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে নয়জনকে বদলে মাঠে নামান তিনি। তবে এই সিদ্ধান্তের মাশুল দিতে হলো লিগ কাপ থেকে বিদায়ের মধ্য দিয়ে।

চতুর্থ বিভাগের দল ফ্লিটউড লিগ টুতে ১৮তম স্থানে থাকলেও শক্তিশালী আর্সেনালের বিপক্ষে শুরু থেকেই লড়াই করেছে। গোলরক্ষক জে লিঞ্চের দৃঢ়তা এবং টাইব্রেকারে খেলোয়াড়দের সাফল্যে স্মরণীয় জয় পায় দলটি। জয়ের পর আবেগাপ্লুত হয়ে পড়েন ফ্লিটউডের কোচ ম্যাট ললর। মাঠে নেমে উল্লাসে যোগ দেন সমর্থকেরাও।

এই হার আর্সেনালের জন্য বড় ধাক্কা। এর আগে শনিবার এভারটনকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সমান পয়েন্টে পৌঁছেছিল দলটি। কিন্তু লিগ কাপে অপেক্ষাকৃত নিচের বিভাগের দলের কাছে হেরে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে হবে আর্তেতার শিষ্যদের।

হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের এক মাস, ভৈরবে হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের এক মাস, ভৈরবে হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি

কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরপ্রবাসী রুকন উদ্দিন হত্যাকাণ্ডের এক মাস পার হলেও রহস্য উদ্‌ঘাটন হয়নি। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নিহতের পরিবারের সদস্য ও স্বজনেরা।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে নিহতের স্বজনদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীও অংশ নেন।

মানববন্ধন চলাকালে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। এ সময় তাঁদের কয়েকজনকে সড়কের ওপর ফুটবল খেলতেও দেখা যায়। এতে সড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আন্দোলনকারীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। তাঁরা রুকন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সড়কের ওপর বিক্ষোভকারীদের ফুটবল খেলার দৃশ্যটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

নিহত রুকন উদ্দিন কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকার সরকারবাড়ির কৃষক সাত্তার মিয়ার ছেলে। তিনি সিঙ্গাপুরপ্রবাসী ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকার সরকারবাড়িতে গোয়ালঘরের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রুকন উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় তাঁর হাত-পা বাঁধা ছিল। ঘটনার এক মাস পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা।

গুদাম ছাড়াই সারের ডিলারশিপ! কটিয়াদীতে খোকন এন্টারপ্রাইজ ঘিরে বিতর্ক

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
গুদাম ছাড়াই সারের ডিলারশিপ! কটিয়াদীতে খোকন এন্টারপ্রাইজ ঘিরে বিতর্ক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে খোকন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খোকন মিয়ার (৫৫) বিরুদ্ধে। স্থানীয় কৃষক ও বাসিন্দাদের প্রশ্ন, প্রয়োজনীয় গুদাম সুবিধা নিশ্চিত না করেই কীভাবে প্রতিষ্ঠানটি সার ডিলারশিপ পেল? তাঁদের অভিযোগ, ডিলারশিপের জন্য দেখানো স্থানে সার সংরক্ষণ ও বিতরণের উপযোগী পর্যাপ্ত অবকাঠামো রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খোকন মিয়া দীর্ঘদিন ধরে মুদি দোকানের ব্যবসার সঙ্গে যুক্ত। সম্প্রতি তাঁর মালিকানাধীন খোকন এন্টারপ্রাইজকে সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে ডিলারশিপের জন্য দেখানো স্থানে সার সংরক্ষণের উপযোগী পর্যাপ্ত গুদাম রয়েছে কি না, তা নিয়ে আপত্তি জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট স্থানে মুদি দোকানের কার্যক্রম চললেও সার সংরক্ষণ ও বিতরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা হয়নি। কৃষকদের প্রশ্ন, পর্যাপ্ত গুদাম সুবিধা ছাড়া কীভাবে সার সংরক্ষণ ও বিক্রির কার্যক্রম পরিচালিত হবে? এতে সারের গুণগত মান বজায় রাখা এবং কৃষকদের কাছে যথাসময়ে সার পৌঁছে দেওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়দের আরও অভিযোগ, বসতবাড়িসংলগ্ন মুদি দোকানকে ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে দেখিয়ে এবং পর্যাপ্ত গুদাম সুবিধা নিশ্চিত না করেই ডিলারশিপ নেওয়া হয়েছে। ডিলার নিয়োগে কোনো ধরনের রাজনৈতিক পরিচয়, প্রভাব কিংবা অনিয়ম কাজ করেছে কি না, তা-ও তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

ডিলারশিপ নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে খোকন মিয়া তাঁর আবেদনের সময়কার পরিস্থিতি তুলে ধরে বলেন, “আমি যখন ডিলারশিপের জন্য আবেদন করি, তখন আমার মুদি দোকান ছিল। কৃষি কর্মকর্তারা পরিদর্শনে এলে তাঁদের বলেছিলাম, এটি আমার মুদি দোকান। আমাকে ডিলারশিপ দেওয়া হলে দোকানটি ভেঙে এখানেই সারের গোডাউন তৈরি করব।” এ সময় তিনি তাঁর বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে বলেও স্বীকার করেন।

এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ বলেন, “সার ডিলার নিয়োগের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করা হয়েছে। তবে খোকন এন্টারপ্রাইজের নামে যেহেতু অভিযোগ এসেছে, বিষয়টি আমরা খতিয়ে দেখব। নিয়মনীতি লঙ্ঘন করে কিংবা উপযুক্ত গুদামজাতকরণ সুবিধা ছাড়া ডিলারশিপ দেওয়া হয়ে থাকলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমরা যখন পরিদর্শনে গিয়েছিলাম, তখন সেখানে একটি বড় ঘর দেখেছি। এখন হয়তো তিনি সেটি ভেঙে অন্য কিছু তৈরি করতে পারেন। খোকন এন্টারপ্রাইজের বিরুদ্ধে যেহেতু অভিযোগ এসেছে, আমরা সরেজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

অন্যদিকে, গৌরীপুর গ্রামটি সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের একেবারে শেষ প্রান্তে অবস্থিত হওয়ায় সেখান থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকদের সার সংগ্রহে অতিরিক্ত ভোগান্তি পোহাতে হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ডিলার নিয়োগের ক্ষেত্রে শুধু কাগজপত্র নয়, গুদামের বাস্তব অবস্থা, সার সংরক্ষণের সক্ষমতা এবং কৃষকদের যাতায়াতের সুবিধাও বিবেচনায় নেওয়া জরুরি।

স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকেরা খোকন এন্টারপ্রাইজের ডিলারশিপের আবেদনপত্র, নিয়োগের শর্ত, সরেজমিন পরিদর্শনের প্রতিবেদন এবং বর্তমানে গুদামের বাস্তব অবস্থা যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের সুষ্ঠু সরবরাহ এবং সরকারি নীতিমালার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

শিক্ষার মানোন্নয়নে জহুরুল ইসলাম মেডিকেল কলেজে অভিভাবক সমাবেশ

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
শিক্ষার মানোন্নয়নে জহুরুল ইসলাম মেডিকেল কলেজে অভিভাবক সমাবেশ

কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ‘প্যারেন্টস মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে প্রথম পর্যায়ের (ফেজ-১) এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বাহাউদ্দিন ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সাঈদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. খালেকুল ইসলাম এবং অধ্যাপক ডা. দীপালী রাণী পাল। এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনা, একাডেমিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন এবং তাদের অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জহুরুল ইসলাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।