ভেজাল সার নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সামাজিক যোগাযোগমাধ্যমে ভেজাল ও নকল সার নিয়ে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সঙ্গে চলতি বছরের আগস্টে মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল সার জব্দের ঘটনার সম্পর্ক রয়েছে। ওই ঘটনায় ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভেজাল সারসংক্রান্ত একটি ভিডিও পোস্ট মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। ভিডিওটি চলতি বছরের ২৭ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জাল্লা বাজারে অবস্থিত ভাই ভাই এন্টারপ্রাইজ নামের একটি সার ডিলার প্রতিষ্ঠানে ভেজাল সার জব্দের ঘটনার।
মন্ত্রণালয় জানায়, ভাই ভাই এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে ভেজাল ডিএপি সার বিক্রির বিষয়ে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ওই দিন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযুক্ত ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ভেজাল সার জব্দ ও ধ্বংস করা হয়।
এ ছাড়া সংশ্লিষ্ট উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে অভিযুক্ত প্রতিষ্ঠান ভাই ভাই এন্টারপ্রাইজের ডিলারশিপ বাতিলের ব্যবস্থা নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগস্টে আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া একটি ঘটনাকে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। ওই ভিডিও ও পোস্টে ‘সরকার ভেজাল সার সরবরাহ করছে’ মর্মে প্রচারিত তথ্য সম্পূর্ণ অসত্য।
কৃষি মন্ত্রণালয় এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার ও প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছে।
মন্ত্রণালয় জানায়, ডিলার পর্যায়ে সার সরবরাহের আগে সরকার নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষাগারে সারের গুণগত মান যাচাই করা হয়। এ ছাড়া সার সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণসহ সরবরাহের প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারি ও তদারকি নিশ্চিত করা হয়।
সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা সারের গুণগত মান বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়।










Disqus comments are not configured yet.