ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে ৭ কিলোমিটার ম্যারাথন
ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে ৭ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে সাত শতাধিক মানুষ অংশ নেন। নিয়মিত হাঁটা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় কিশোরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে ম্যারাথন শুরু হয়। শহরতলির বড়পুল এলাকা ঘুরে দৌড়টি আবার হাসপাতালের সামনে এসে শেষ হয়। এতে সাত শতাধিক অংশগ্রহণকারী অংশ নেন। তাঁদের অধিকাংশই সফলভাবে ৭ কিলোমিটারের দৌড় সম্পন্ন করেন।
ম্যারাথন শেষে ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ও সিভিল সার্জন ডা. মো. সাইদুর রহমান। এ ছাড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত হাঁটা ও শরীরচর্চার বিকল্প নেই। শুধু ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাই নন, সুস্থ থাকতে সব বয়সী মানুষেরই শারীরিকভাবে সক্রিয় থাকা প্রয়োজন। নিয়মিত শারীরিক পরিশ্রমের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, নিজের শরীরের প্রতি যত্নবান হওয়া এবং দৈনন্দিন জীবনে হাঁটা ও শরীরচর্চাকে অভ্যাসে পরিণত করা জরুরি। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এবং সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষপর্বে ম্যারাথনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য- ‘ডায়াবেটিস নয়, ব্যবস্থা নিন এখনই’। দিবসটি উপলক্ষে আয়োজিত এ ম্যারাথনের মাধ্যমে নিয়মিত শারীরিক পরিশ্রম ও স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।










Disqus comments are not configured yet.