সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্য, বাড়ছে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্য, বাড়ছে অনিশ্চয়তা

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে একের পর এক ভিন্ন বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো তিনি ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নাকচ করছেন, আবার কখনো যুদ্ধ বন্ধে আলোচনার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলছেন। ফলে যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে স্পষ্ট কোনো দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে না।

নির্বাচনের পরদিন ট্রাম্প স্বীকার করেন, ইরান যুদ্ধ এবং এর জেরে বিশ্ব অর্থনীতিতে তৈরি হওয়া অস্থিরতা রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ। তবে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত সঠিক ছিল বলেও দাবি করেন তিনি।

চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তাঁর ভাষায়, সামরিক দিক থেকে যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে।

তবে গত বৃহস্পতিবার তিনি আবার প্রশ্ন তোলেন, যুদ্ধের সমাপ্তি টানতে তাড়াহুড়োর প্রয়োজন আছে কি না। ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে এখন আর কোনো চুক্তির প্রয়োজন নেই। একই সঙ্গে ইরানের সঙ্গে আলোচনার পরিবর্তে প্রশাসনের অভ্যন্তরে জালিয়াতিবিরোধী অভিযানে মনোযোগ দিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নির্দেশ দেন তিনি। এর আগে ইরানের সঙ্গে শান্তি আলোচনায় প্রধান আলোচকের দায়িত্বে ছিলেন ভ্যান্স।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের অবস্থান পরিবর্তনের কারণে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে পরামর্শ করেনি। অথচ যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের প্রভাব তাদেরও মোকাবিলা করতে হচ্ছে।

ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার এক সাক্ষাৎকারে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এখন এমন একজন অগ্নিসংযোগকারীর মতো আচরণ করছেন, যিনি আমাদের পররাষ্ট্রনীতিতে আগুন লাগিয়ে দিয়েছেন। এখন তিনি সেখান থেকে সরে যেতে চাইছেন।’

এ বিষয়ে হোয়াইট হাউস সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, ট্রাম্পের কৌশলের কারণে ইরানের অর্থনীতি ভেঙে পড়ার পথে।

এদিকে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী কাতার একটি অন্তর্বর্তী চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মূল লক্ষ্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা। তবে মধ্যপ্রাচ্যের দুই কূটনীতিকের মতে, ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্যে কাতারের মধ্যস্থতার উদ্যোগও এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

‘তোমাদের নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে’-শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
‘তোমাদের নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে’-শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতির সময় সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।’

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসেও তোমাদের অংশগ্রহণ থাকতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।’

শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। এসব ভাষার মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।

ঢাকাকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, খেলাধুলা এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে তাদের গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’

প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল হতে হবে। পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা ও সামাজিক দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তুলতে হবে। এসব গুণের সমন্বয়েই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। এ ছাড়া রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থীও এ কার্যক্রমে অংশ নেন।

সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন, লাইব্রেরি পরিদর্শন করেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে হোসেনপুরে বিএনপির মিছিল

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে হোসেনপুরে বিএনপির মিছিল

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি। সোমবার পৌর শহরে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের প্রধান প্রধান সড়কে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

মিছিলে হোসেনপুর পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক শফিক, সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব মো. রিমন মিয়াসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশে-বিদেশে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের দোসররা গোপনে নাশকতা, গুজব ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করবেন।

বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র, শান্তি-শৃঙ্খলা ও জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি সব সময় রাজপথে ছিল, আছে এবং থাকবে। কোনো ফ্যাসিস্ট শক্তিকে এ দেশের মাটিতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। দেশের বিরুদ্ধে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

এ সময় বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি আগামী দিনের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেন।

প্রতিবাদ কর্মসূচিতে পৌর বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকদের দাবি, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

ভৈরবে পায়ের উরুতে লুকানো ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
ভৈরবে পায়ের উরুতে লুকানো ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ ছায়ফুল খান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে শহরের সৈয়দ নজরুল ইসলাম সেতু-সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছায়ফুল খান ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের ফরিদ খানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতু-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা এক যুবককে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর পায়ের উরুতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাঁকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেওয়া হয়।

পরিদর্শক চন্দন গোপাল সুর আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ছায়ফুল খানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।