হোসেনপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা আক্তার রূপা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ৪১তম ব্যাচের কর্মকর্তা নিলুফা আক্তার রূপা। গত ১৫ নভেম্বর তিনি উপজেলা ভূমি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন এবং নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
যোগদানকালে সহকারী কমিশনার (ভূমি) নিলুফা আক্তার রূপা বলেন, হোসেনপুর উপজেলার সাধারণ মানুষের কাছে ভূমিসেবা দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে পৌঁছে দেওয়াই হবে তাঁর প্রধান লক্ষ্য। নামজারি, ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, খতিয়ান সংশোধন এবং ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষ যাতে সহজে সেবা পেতে পারেন, সে লক্ষ্যে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
তিনি আরও বলেন, ভূমি কার্যালয়ে দালালমুক্ত পরিবেশ বজায় রাখা, সরকারি খাসজমি ও সম্পত্তি রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তিনি দৃঢ়ভাবে কাজ করবেন। ভূমিসেবা নিতে এসে কোনো সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
এ সময় হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিলুফা আক্তার রূপার যোগদানকে ঘিরে উপজেলার সেবাগ্রহীতাদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁদের আশা, তাঁর দক্ষ নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় উপজেলা ভূমি কার্যালয়ের সেবার মান আরও উন্নত হবে। একই সঙ্গে ভূমিসেবা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত হবে।













Disqus comments are not configured yet.