এপেস্টাইনের মৃত্যু নিয়ে নতুন বিতর্ক, হত্যাকাণ্ডের দাবি বিশেষজ্ঞের
যৌন অপরাধে দণ্ডিত মার্কিন ধনকুবের জেফরি এপেস্টাইনের মৃত্যু নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এক ফরেনসিক বিশেষজ্ঞের দাবি, ২০১৯ সালে কারাগারে তাঁর মৃত্যু আত্মহত্যা নয়, বরং হত্যাকাণ্ডও হতে পারে। ময়নাতদন্তের নথি পর্যালোচনা করে তাঁর ধারণা, এপেস্টাইনকে পেছন দিক থেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।
বিবিসি নিউজনাইটকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক মাইকেল ফ্রিম্যান বলেন, নিউইয়র্ক সিটির মেডিক্যাল এক্সামিনারের ময়নাতদন্তের নথিতে পাওয়া আঘাতগুলো হত্যাকাণ্ডের সম্ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ২০১৯ সালে এপেস্টাইনের ময়নাতদন্ত করা প্রধান চিকিৎসক ডা. বারবারা স্যাম্পসন তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করেছিলেন।
ডা. স্যাম্পসন জানিয়েছেন, মৃত্যুর কারণ ও ধরন নিয়ে আগের সিদ্ধান্তে তিনি এখনো অটল। তাঁর মতে, হত্যাকাণ্ডের শিকার হলে আত্মরক্ষার চেষ্টায় শরীরে যে ধরনের আঘাত থাকার কথা, ময়নাতদন্তে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে নতুন করে মন্তব্য জানতে বিবিসি তাঁর সঙ্গে যোগাযোগ করেছে।
যৌন পাচারের অভিযোগে বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় ২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের একটি কারাগারে এপেস্টাইনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ফরেনসিক বিশেষজ্ঞ ফ্রিম্যান যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের মৃত্যুর কারণ নির্ধারণে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। পুলিশি হেফাজতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাতেও তিনি কাজ করেছেন। সোমবার সন্ধ্যায় লন্ডনে নিজের গবেষণার ফলাফল তুলে ধরেন ফ্রিম্যান।
একই সঙ্গে তিনি তাঁর গবেষণা ও নিউইয়র্ক সিটির মেডিক্যাল এক্সামিনারের সংশ্লিষ্ট নথি প্রকাশ করেন। তবে ফ্রিম্যানের এই দাবি আগের সরকারি সিদ্ধান্তের বিপরীত। এপেস্টাইনের মৃত্যুর বিষয়ে সরকারি সিদ্ধান্ত এখনো আত্মহত্যা। ফ্রিম্যান বলেন, তদন্তের স্বার্থে এপেস্টাইনের মরদেহ নামানোর আগেই ছবি তোলা উচিত ছিল।
বিচার বিভাগের প্রতিবেদন অনুযায়ী, এপেস্টাইনকে ঝুলন্ত অবস্থায় পাওয়ার পর কারারক্ষীরা তাঁর মরদেহ নামিয়ে বাঁচানোর চেষ্টা করেন।
এপেস্টাইনকে কে হত্যা করেছে, সে বিষয়ে কোনো ধারণা নেই বলে জানান ফ্রিম্যান। নিজের বিশ্লেষণ অন্য বিশেষজ্ঞদের দিয়ে যাচাই এবং সমালোচনার জন্যও উন্মুক্ত রেখেছেন তিনি।
২০০৮ সালে এক নাবালিকার কাছ থেকে যৌনসেবা চাওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন এপেস্টাইন। এ কারণে তাঁকে যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত করা হয়। তবে একটি সমঝোতা চুক্তির কারণে তিনি দীর্ঘমেয়াদি কারাদণ্ড থেকে রেহাই পান।
এর ১১ বছর পর নাবালিকা মেয়েদের নিয়ে যৌন পাচার চক্র পরিচালনার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ২০১৯ সালে নিউইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।













Disqus comments are not configured yet.