ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হতে পারে।
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক মতবিনিময় বা সংলাপের আয়োজন করা হচ্ছে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
দায়িত্বশীল সূত্রের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় সংলাপ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। আগামীকাল সোমবার এনসিপির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সংলাপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সূত্রে জানা গেছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ রবিবার সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকায় ফিরবেন। গত ১৩ নভেম্বর তিনি যুক্তরাজ্য সফরে যান। অন্যদিকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান গত শুক্রবার অস্ট্রেলিয়া সফরে গেছেন। সেখান থেকে তাঁর মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা। তবে তাঁর ফেরার আগেই সংলাপ শুরু হতে পারে বলে জানা গেছে।
সম্প্রতি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশের একাধিক স্থাপনা, গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখা কার্যালয়, বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বাড়িঘর এবং গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেন। এই গোষ্ঠীর কর্মকাণ্ড প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এক মঞ্চে আসার আহ্বান জানান তিনি।










Disqus comments are not configured yet.