রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে আগামী পাঁচ বছরে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ খাতের উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে একই সময়ে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এতে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। ক্যাটাগরিগুলো হলো বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।

প্রধানমন্ত্রী বলেন, ‘বছরের পর বছর চাকরি না খুঁজে নিজেকে চাকরিদাতা হিসেবে গড়ে তুলতে হবে।’

তিনি জানান, সরকার এসএমই নীতিমালা প্রণয়ন করছে, যা শিগগিরই বাস্তবায়ন করা হবে। এ খাতের উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত বিভিন্ন মেলায় অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

তারেক রহমান বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে। বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি মাঝারি ও ক্ষুদ্র শিল্পের বিকাশে ব্যবসার পরিবেশ উন্নয়ন, শিল্পের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং অবকাঠামো সম্প্রসারণসহ বিভিন্ন খাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় সারা দেশের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জের করিমগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে করিমগঞ্জ কলেজ মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কলেজ মোড়ে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আনন্দ বাজার ও নয়াকান্দি মোড়সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলের আগে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান।

কর্মসূচিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন (ভিপি সুমন)। এতে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মানুষের প্রত্যাশা অনুযায়ী শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।

তাঁরা আরও বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে। একই সঙ্গে নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা।

বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে অধিনায়ক মার্করাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে অধিনায়ক মার্করাম

বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে চোট পেয়ে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর পরিবর্তে সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। আর বাভুমার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন টনি ডি জর্জি।

এ ছাড়া আরও একটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ টেস্টের জন্য ঘোষিত একাদশ থেকে বাদ পড়েছেন পেসার ডেন প্যাটারসন। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আনরিখ নর্কিয়া।

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ডান পায়ের কাফের পেশিতে চোট পান বাভুমা। ৪৯ রানে থাকতে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। পরে আবার ব্যাটিংয়ে নেমে ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জোহানেসবার্গ টেস্ট জিতে নেওয়ায় দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিং করতে হয়নি তাঁকে।

বাঁহাতি ব্যাটার টনি ডি জর্জি সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের নভেম্বরে ভারত সফরে। অন্যদিকে, ফাস্ট বোলার নর্কিয়া গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে তিন বছর পর টেস্ট দলে ফিরেছিলেন। তবে দুটি টেস্ট খেলার পর আবারও চোটে পড়েন তিনি। চোট থেকে পুরোপুরি সেরে ওঠায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ দিয়ে দলে ফিরেছেন এই পেসার।

চোটের কারণে হাসান মাহমুদ ও মুশফিকুর রহিম ছিটকে পড়ায় সফরকারী বাংলাদেশের একাদশেও একাধিক পরিবর্তন আসতে পারে।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টায় শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এই মাঠে এর আগে একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০০৮ সালে অনুষ্ঠিত সেই ম্যাচে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন দল ইনিংস ব্যবধানে হেরেছিল।

দক্ষিণ আফ্রিকার একাদশ: মার্কেস অ্যাকারম্যান, এইডেন মার্করাম (অধিনায়ক), রায়ান রিকেলটন (উইকেটকিপার), জুবায়ের হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজকে, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও আনরিখ নর্কিয়া।

ভৈরবে শীতকালীন সবজির চারায় রোগ, বিপাকে কৃষক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
ভৈরবে শীতকালীন সবজির চারায় রোগ, বিপাকে কৃষক

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের কামারকান্দা গ্রামে শীতকালীন সবজির চারায় পচন ও ঢলে পড়া রোগ দেখা দিয়েছে। এতে প্রায় ২০ থেকে ৩০ জন কৃষক লোকসানের মুখে পড়েছেন। স্থানীয় কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ওষুধ ব্যবহার করেও চারাগাছ রক্ষা করতে পারছেন না তাঁরা। বারবার চারা রোপণ করেও সুফল না পাওয়ায় চাষাবাদ নিয়ে চরম হতাশায় পড়েছেন কৃষকরা। স্থানীয় কৃষকদের অভিযোগ, চারা রোপণের ১৫ থেকে ২০ দিন পর থেকেই গাছের গোড়ায় পচন ও পাতা ঢলে পড়ার লক্ষণ দেখা দেয়। টমেটো, মুলা, আলু, মরিচ, লম্বা বেগুন ও ঢেঁড়সসহ বিভিন্ন সবজির চারা ধীরে ধীরে মরে যাচ্ছে। রোগটি শনাক্ত করতে কৃষক ও স্থানীয় কৃষি কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন। লোকসান কাটিয়ে উঠতে সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। কামারকান্দা গ্রামের কৃষক জাকির হোসেন জানান, কৃষি কর্মকর্তার পরামর্শে মালচিং পদ্ধতিতে টমেটোর চারা রোপণ করেছিলেন তিনি। কিন্তু রোপণের ২০ থেকে ২৫ দিন পর ফুল আসার সময় গাছগুলো মরে যেতে শুরু করে। পাঁচবার চারা রোপণ করেও সফল হননি। বিভিন্ন কীটনাশক ও সার ব্যবহার করেও কোনো ফল পাননি। কৃষানি হেলেনা বেগম বলেন, কিস্তিতে টাকা নিয়ে জমি বর্গা করে চাষাবাদ করেছিলেন। কিন্তু মরিচ ও আলুসহ সবজি নষ্ট হয়ে গেছে। এখন কিস্তির টাকা পরিশোধ এবং সংসারের খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে। একই অভিযোগ কৃষক জরিনা ও মোখশেদ মিয়ার। মোখশেদ মিয়া জানান, তিনি সাত হাজার টমেটোর চারা কিনেছিলেন। এসব চারার পেছনে তাঁর খরচ হয়েছে ২২ হাজার টাকা। কিন্তু সব চারা নষ্ট হয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। উদ্যোক্তা কাউছার মিয়া জানান, দুই দফায় মরিচ ও অন্যান্য সবজি চাষ করে তাঁর ২০ থেকে ২৫ হাজার টাকা লোকসান হয়েছে। স্থানীয় বাসিন্দা আবুল কাশেম ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিপু সুলতান জানান, চারাগুলো মূল জমিতে রোপণের কিছুদিন পরই নষ্ট হয়ে যাচ্ছে। কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছেন। শীতকালীন সবজিতে পাতা মরা ও গাছ ঢলে পড়ার রোগ মাঝেমধ্যে দেখা দেয়। এ ধরনের সমস্যা সমাধানে কৃষি বিভাগ মাঠপর্যায়ে কাজ করছে।