শেষ হচ্ছে ৩০ বছরের চুক্তি, গঙ্গার পানির ভাগ্য নিয়ে ঢাকায় বৈঠক
ঢাকায় আজ রবিবার শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ বৈঠক। এতে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানিপ্রবাহ ও পানিবণ্টন-সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত এ বৈঠক চলবে।
যৌথ নদী কমিশন, বাংলাদেশের সদস্য মো. আনোয়ার কাদির এবং ভারতের পানিসম্পদ বিভাগের কমিশনার শরদ চন্দ্র নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বৈঠকের অংশ হিসেবে দুই দেশের সমন্বিত প্রতিনিধিদলের হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় নদীর পানিপ্রবাহ পরিমাপ ও পর্যবেক্ষণ করার কথা রয়েছে।
১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির আওতায় এটিই হতে যাচ্ছে দুই দেশের মধ্যকার সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে তৈরি হওয়া রাজনৈতিক দূরত্ব নতুন চুক্তি স্বাক্ষর কিংবা বিদ্যমান চুক্তির মেয়াদ নবায়নের প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
দুই দেশের সম্মতিতে প্রণীত যৌথ নদী কমিশনের বিধিমালা এবং ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তি অনুযায়ী, শুকনো মৌসুমে নদীর পানিপ্রবাহ নিয়মিত পরিমাপ ও পর্যবেক্ষণের কর্মসূচির অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
তবে আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়া ঐতিহাসিক গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়ে এবারের বৈঠকের আলোচ্যসূচিতে কোনো বিষয় রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।
এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় গঙ্গার পানিবণ্টন-সংক্রান্ত তথ্য আদান-প্রদানের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, উজানে গঙ্গা নদীর ওপর ভারত ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করায় শুকনো মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে পদ্মা নদীর পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এতে কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা।
এ ছাড়া ভবিষ্যতে বিদ্যমান চুক্তি নবায়ন করা হলে ন্যায্য হিস্যা অনুযায়ী বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট পরিমাণ পানি নিশ্চিত করার শর্ত বা গ্যারান্টি ক্লজ যুক্ত করার দাবি উঠেছে।
উল্লেখ্য, ১৯৭৭ সালে প্রথমবার বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের জন্য ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়ার বিধান রাখা হয়েছিল। পরবর্তী সময়ে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দ্বিতীয় দফায় ৩০ বছর মেয়াদি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে উভয় দেশের মধ্যে ১০ দিন পরপর ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার কথা রয়েছে।













Disqus comments are not configured yet.