প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: জেলা পরিষদ প্রশাসক
কিশোরগঞ্জে ছয় প্রতিবন্ধী ব্যক্তির চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণ করেছে জেলা পরিষদ। রবিবার (২২ নভেম্বর) সকালে জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
এ সময় জেলা পরিষদের প্রশাসক বলেন, অনেকেই মনে করেন প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা। তবে এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং সম্পদ। তাঁদের সম্পদে পরিণত করতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। জেলা পরিষদের পক্ষ থেকে হুইলচেয়ার বিতরণ সেই উদ্যোগেরই প্রতিফলন।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা যেন সমাজের বোঝা হয়ে না থেকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা। তাঁদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আমরা কাজ করে যাচ্ছি।
সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দেশ আরও সুন্দর হবে। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিরাও স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।












Disqus comments are not configured yet.