এতিম-অসহায়দের শিক্ষায় ভূমিকা রাখছে পাগলা মসজিদ
সংগ্রহীত ছবি
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের মাদ্রাসা থেকে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছেন এ পর্যন্ত ২৫৩ জন শিক্ষার্থী। এতিম ও অসহায় শিক্ষার্থীদের পড়াশোনা, থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যয় বহনের পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রসারেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। মসজিদের দানবাক্সে জমা হওয়া অর্থের একটি অংশ দিয়ে পরিচালিত হচ্ছে এসব কার্যক্রম।
শনিবার (২১ নভেম্বর) সকালে পাগলা মসজিদের দানবাক্স খোলার পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, পাগলা মসজিদের তহবিল থেকে ইসলামিক কমপ্লেক্সের মাদ্রাসায় অধ্যয়নরত এতিম ও অসহায় শিক্ষার্থীদের যাবতীয় ব্যয় বহন করা হয়। এ মাদ্রাসা থেকে এখন পর্যন্ত ২৫৩ জন শিক্ষার্থী পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছেন।
এ ছাড়া মসজিদের ৩৫ জন কর্মচারী ও ১০ জন আনসার সদস্যের বেতন, বিদ্যুৎ বিল এবং মসজিদের উন্নয়নকাজেও এই তহবিল থেকে অর্থ ব্যয় করা হয়।
অন্যদিকে, জমাকৃত অর্থের লভ্যাংশ থেকে কিশোরগঞ্জ জেলার দরিদ্র রোগীদের চিকিৎসার জন্যও অনুদান দেওয়া হয়। এভাবে ধর্মীয় শিক্ষা ও মসজিদ পরিচালনার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজেও ব্যবহৃত হচ্ছে দানবাক্সে জমা হওয়া অর্থ।
এদিকে, শনিবার দানবাক্স খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা, যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত টাকা গণনা চলছিল। গণনার কাজে অংশ নেন জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন, পাগলা মসজিদ মাদ্রাসার ৯০ জন শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা, মসজিদের ৩৫ জন কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মচারী।
এ সময় সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা।
এর আগে সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।













Disqus comments are not configured yet.