বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

হোসেনপুরে ডিবি ও পুলিশের যৌথ সাঁড়াশি অভিযানে আটক ১৮

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হোসেনপুরে ডিবি ও পুলিশের যৌথ সাঁড়াশি অভিযানে আটক ১৮

কিশোরগঞ্জের হোসেনপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও মাদকের বিস্তার রোধে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও হোসেনপুর থানা পুলিশের যৌথ বিশেষ অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে ১৮ জনকে আটক করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের কিশোর গ্যাং ও মাদক সংশ্লিষ্টতার সন্দেহে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

যৌথ অভিযানের বিষয়ে বুধবার (২৫ নভেম্বর) সকালে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল হক। এ সময় হোসেনপুর থানার ওসি (তদন্ত) শেখ  তাজউদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।

সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল হক জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তাঁদের অতীত কর্মকাণ্ড যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে। অন্যদিকে, যাদের বিরুদ্ধে সরাসরি অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি, তাঁদের প্রথমবারের মতো সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতে যাতে তাঁরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, সে লক্ষ্যে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, পুলিশের দায়িত্ব শুধু অপরাধীদের বিচারের আওতায় আনা নয়, অপরাধ প্রতিরোধ করা এবং কেউ অপরাধে জড়িয়ে পড়ার আগেই তাকে সঠিক পথে ফিরিয়ে আনাও পুলিশের কাজ। এ জন্য প্রতিরোধের উদ্যোগ পরিবার থেকেই শুরু করতে হবে। পরিবার, সমাজ ও অভিভাবকদের সম্মিলিতভাবে অপরাধপ্রবণতা রোধে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।

মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মাদক সংশ্লিষ্টতার বিষয়ে পুলিশ কোনো ছাড় দেবে না। পুলিশ সুপারের নির্দেশনায় সন্দেহভাজন পুলিশ সদস্যদেরও ডোপ টেস্ট করা হচ্ছে। মাদকসহ যেকোনো অপরাধের তথ্যদাতাদের সাক্ষী সুরক্ষা আইনের আওতায় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও উল্লেখ করেন তিনি। এলাকাকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত রাখতে সমাজের সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটলে পুলিশ কঠোর পদক্ষেপ নেবে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, হোসেনপুর উপজেলাকে মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা থেকে মুক্ত রাখতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের এ উদ্যোগ সফল করতে অভিভাবক ও সচেতন মহলের সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

এ সময় পুলিশের পক্ষ থেকে কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা রোধে শুধু আইন প্রয়োগ নয়, কিশোরদের সংশোধন ও সুপথে ফিরিয়ে আনতেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানানো হয়। এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও পুলিশের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমের বক্তব্যে আগুন সন্ত্রাসের প্রসঙ্গ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমের বক্তব্যে আগুন সন্ত্রাসের প্রসঙ্গ

সংগ্রহীত ছবি

চব্বিশের আন্দোলনে পরাজিত শক্তি আবারও দেশের উন্নয়ন ব্যাহত করতে আগুন সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, গত ১৭ বছরে গুম, খুন, অত্যাচার, জুলুম ও নির্যাতনের মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। ভঙ্গুর করে দেওয়া হয়েছে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোও।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার জিল্লুর রহমান পৌর মিলনায়তনের আধুনিকায়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এ দেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো নিশ্চয়তা ছিল না। কথা বলার স্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। একদলীয় বাকশাল কায়েমের একটি অলিখিত পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। সেই পরাজিত শক্তি চব্বিশের আন্দোলনে ১ হাজার ৪০০ ছাত্র ও রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছে। হাজার হাজার মানুষকে গুম ও হত্যা করেছে। কিন্তু নয় মাস পেরিয়ে গেলেও সেই শক্তির কাছ থেকে কেউ একবারও শোনেনি যে তারা অনুতপ্ত।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন ব্যাহত ও নস্যাৎ করে আবারও দেশকে অন্ধকার যুগে ফিরিয়ে নিতে চায় পরাজিত শক্তি।

শরীফুল আলম বলেন, ‘চব্বিশের আন্দোলনে দেশের ছাত্র, আলেম সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের বিতাড়িত করেছেন, একইভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরাজিত শক্তির বিরুদ্ধে নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকতে হবে।’

ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সংগ্রহীত ছবি

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আসর জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামসহ দলটির অন্যান্য নেতারা।

বক্তারা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট বন্ধে সরকারের অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সোলায়মান মিয়া (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাতে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের আলোর স্টোর বাজারের চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান মিয়া পাকুন্দিয়া পৌরসদরের শ্রীরামদি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলোর স্টোর বাজারে দর্জির কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সোলায়মান মিয়া রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তাঁর মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত লাগে।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. তাওহীদ উল ইসলাম বলেন, বুধবার রাতে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে কিশোরগঞ্জে পাঠানো হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।