বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
[gtranslate]
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

রুশ রাষ্ট্রদূত: বাংলাদেশ-ভারতের উত্তেজনা দ্রুত কমানো জরুরি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
রুশ রাষ্ট্রদূত: বাংলাদেশ-ভারতের উত্তেজনা দ্রুত কমানো জরুরি

ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান উত্তেজনা দ্রুত কমানোর আহ্বান জানিয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

রুশ রাষ্ট্রদূত দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, যত দ্রুত সম্ভব বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান উত্তেজনা নিরসন করা প্রয়োজন। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, রাশিয়া এই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

খোজিন বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি যেন আরো জটিল আকার ধারণ না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় নির্বাচনের তফশিলকে স্বাগত জানিয়ে রুশ রাষ্ট্রদূত বলেন, রাশিয়া আশা করছে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশাবাদ প্রকাশ করেন যে নির্বাচনের আগ পর্যন্ত দেশে শান্তিপূর্ণ ও অনুকূল পরিবেশ বজায় থাকবে।

নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলেকজান্ডার খোজিন জানান, এ বিষয়ে রাশিয়া ইতোমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য তারা কমিশনের আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে।

প্রতারণার মামলায় দুই বছরের সাজা: কারাগারে বিদিশা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
প্রতারণার মামলায় দুই বছরের সাজা: কারাগারে বিদিশা

রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সাজার বিরুদ্ধে আপিলের শর্তে করা জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২০ মে এ মামলায় বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করেন আদালত।

সাজা পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশান-২ নম্বরের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার তাকে আদালতে হাজির করা হলে তাঁর পক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করা হয়। আদালত আবেদনটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৮ সালের ফেব্রুয়ারিতে ব্যবসায়ী মোশাররফ হোসেন বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন। বাদী মিরপুর-১০ এলাকায় স্যানিটারি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ী।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০০১ সালে রাজধানীর বারিধারা এলাকায় একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে বিদিশা সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করেন মোশাররফ হোসেন। পরে বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির জন্য তাঁদের মধ্যে ৮০ লাখ টাকার চুক্তি হয়।

অভিযোগে বলা হয়, ২০০১ সালের ১০ জুলাই বিদিশা বাদীকে বনানীর রজনীগন্ধা অফিসে ডাকেন। সেখানে তাঁর মনোনীত ব্যক্তি ও বন্ধু আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দিতে বলা হয়। পরে বাদী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কারওয়ান বাজার শাখার মাধ্যমে ওই অর্থ পরিশোধ করেন। এরপর উভয়ের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়।

চুক্তি অনুযায়ী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন নেওয়ার পর বাকি টাকা পরিশোধ সাপেক্ষে ফ্ল্যাটটির রেজিস্ট্রি করে ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে বাদীকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পার হলেও ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়া হয়নি বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

মামলার নথিতে আরও বলা হয়, ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হলে বিদিশা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। পরে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি বাদীকে ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হয়।

বাদীর অভিযোগ, নির্ধারিত সময়ে চেকটি ব্যাংকে জমা দিলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি ডিজঅনার হয়। এরপর বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হলেও বাদীকে টাকা কিংবা ফ্ল্যাট—কোনোটিই বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

মামলার অভিযোগে আরও বলা হয়, টাকা ফেরত বা ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দিলে বাদীকে সন্ত্রাসীদের মাধ্যমে হত্যার হুমকিও দেওয়া হয়। একপর্যায়ে বিদিশা বাদীকে জানিয়েছিলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কাছ থেকে টাকা আদায় না হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে।

এই অভিযোগের ভিত্তিতেই ২০০৮ সালের ফেব্রুয়ারিতে মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের ২০ মে আদালত বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার ওই সাজা থেকে আপিলের সুযোগে জামিন চাওয়া হলেও আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, নতুন করে অসুস্থ ১,০৯৮

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, নতুন করে অসুস্থ ১,০৯৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৯৮ জনের শরীরে। এ ছাড়া এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭৩ জন

বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৫১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫০ জনে

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৬৫১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জনে

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ২:১৩ অপরাহ্ণ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১ থেকে ৫ সেপ্টেম্বর এসব কর্মসূচি পালন করবে দলটি। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৫ সেপ্টেম্বর আলোচনা সভার আয়োজন করা হবে। এতে বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। দলটির পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও এ আলোচনা সভার আয়োজন করা হচ্ছে।

এ ছাড়া সুবিধাজনক সময়ে দেশব্যাপী মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। আর বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দীন চৌধুরী এ্যানি। কর্মসূচি দুটির দিনক্ষণ পরে নির্ধারণ করা হবে।

রুহুল কবির রিজভী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরও কিছু কর্মসূচির খসড়া নেওয়া হয়েছে। দলের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে সেগুলো চূড়ান্ত করা হবে এবং পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চূড়ান্ত করতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে দলের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, দেশের স্বাধীনতার জন্য তিনি জাতিকে উজ্জীবিত করেছিলেন এবং ছাত্র, শিক্ষক, কৃষক ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে প্রেরণা জুগিয়েছিলেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষার লক্ষ্য নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।