শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাত সকাল ১০টায়
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে আসন্ন ১৯৯তম ঈদুল ফিতরের প্রধান জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান মারুফ সভা পরিচালনা করেন।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
এ সময় ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ঈদগাহ মাঠ প্রস্তুতকরণ, মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার সুব্যবস্থা, চিকিৎসা সহায়তা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা থেকে জানানো হয়, আসন্ন ১৯৯তম ঈদুল ফিতরের প্রধান ও একমাত্র জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।



