কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, অনিয়মে কঠোর হুঁশিয়ারি
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন আকস্মিকভাবে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার সার্বিক মান সম্পর্কে খোঁজখবর নেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হাসপাতালে কোনো ধরনের অনিয়ম, দায়িত্বে অবহেলা কিংবা রোগীদের সঙ্গে অসদাচরণ বরদাশত করা হবে না। চিকিৎসকদের নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত থেকে আন্তরিকতার সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
সংসদ সদস্য আরও বলেন, জরুরি বিভাগে সবসময় এমবিবিএস চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা না দিয়ে কোনো রোগীকে অযথা অন্যত্র রেফার করা যাবে না। রোগীর প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পরই প্রয়োজন হলে রেফারের ব্যবস্থা করতে হবে।
তিনি হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা, অ্যাম্বুলেন্স সেবা সচল রাখা এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অযাচিত আনাগোনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালের সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিক, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।













