সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
[gtranslate]
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

কৃষি উৎপাদন বাড়াতে কটিয়াদীতে বিনামূল্যে বীজ-সার বিতরণ

মাইনুল হক মেনু প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কৃষি উৎপাদন বাড়াতে কটিয়াদীতে বিনামূল্যে বীজ-সার বিতরণ

কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার, উন্নত জাতের রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ, হাইব্রিড মরিচের বীজ ও লেবুর চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বৃহস্পতিবার দুপুরে কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ’র সভাপতিত্বে এবং উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আজহার মাহমুদ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি কৃষি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই নীতিকে সামনে রেখে বর্তমান সরকার কৃষকদের কল্যাণে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। উন্নতমানের বীজ, সার ও কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করাই সরকারের লক্ষ্য।তিনি আরও বলেন, সরকার চায় প্রকৃত কৃষকরাই যেন সরকারি প্রণোদনার সুবিধা পান। কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব ছাড়াই কৃষি বিভাগের মাধ্যমে তালিকা প্রণয়ন করে প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে এসব উপকরণ পৌঁছে দেওয়া হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি পেলে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং কৃষকদের জীবনমানেরও উন্নয়ন ঘটবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া। তিনি সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির লক্ষ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং উপজেলার কৃষকদের জন্য বরাদ্দকৃত উপকরণের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের মোট ১ হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে জনপ্রতি ৫ কেজি উন্নতমানের রোপা আমন ধানের বীজ এবং ২০ কেজি রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) প্রদান করা হবে। এছাড়া ১ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে জনপ্রতি ৩০ কেজি রাসায়নিক সার এবং ৩০০ গ্রাম করে গ্রীষ্মকালীন সবজির বীজ বিতরণ করা হবে। এসব বীজের মধ্যে রয়েছে কলমি শাক, পুঁইশাক, বেগুন, শিম, মিষ্টি কুমড়া, লাউ ও চাল কুমড়ার বীজ। অন্যদিকে ১৪০ জন কৃষকের প্রত্যেককে ১০ কেজি রাসায়নিক সার ও ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ দেওয়া হবে। পাশাপাশি ২০ জন নির্বাচিত কৃষকের মধ্যে জনপ্রতি পাঁচটি করে উন্নত জাতের লেবুর চারা বিতরণ করা হবে। সব মিলিয়ে উপজেলার ৩ হাজার ৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ কর্মসূচির আওতায় সরকারি সহায়তা পাবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্দেশ্য শুধু কৃষকদের উপকরণ সহায়তা দেওয়া নয় বরং কৃষিকে আরও লাভজনক ও টেকসই করা। উন্নত জাতের বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হলে উৎপাদন যেমন বাড়বে, তেমনি কৃষকদের আয়ও বৃদ্ধি পাবে। স্বচ্ছতার সঙ্গে প্রকৃত কৃষকদের তালিকা প্রস্তুত করে এসব উপকরণ বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শফিকুর রহমান বাদল, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, হাজী মোহাম্মদ আলীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুধীজন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন ও পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদনসহ অতিথিবৃন্দ নির্বাচিত কৃষকদের হাতে রোপা আমনের বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ, হাইব্রিড মরিচের বীজ, রাসায়নিক সার ও লেবুর চারা তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে কৃষি অফিস পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে।

হোসেনপুরে জামায়াতে ইসলামীর বিশেষ দাওয়াতী গণসংযোগ

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
হোসেনপুরে জামায়াতে ইসলামীর বিশেষ দাওয়াতী গণসংযোগ

কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ৩০ দিনব্যাপী ‘দাওয়াতী দশক’ কর্মসূচির অংশ হিসেবে বিশেষ গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল হকের আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের কাছে ইসলামের আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়া হয়।

উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জৈনউদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর এডিএম মুহিবুল্লাহ, হোসেনপুর পৌরসভা সভাপতি রহমত আলী মাস্টার, যুব বিভাগের সভাপতি মো. আরফান হোসেন বাবরসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নাজমুল ইসলাম এবং বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক জৈনউদ্দিন বলেন, একটি সৎ, চরিত্রবান ও মানবিক সমাজ গঠনে দাওয়াতী কাজের বিকল্প নেই। সব ধরনের ভেদাভেদ ভুলে মানুষকে সত্য ও সুন্দর পথে আসার আহ্বান জানানোর লক্ষ্যেই এ দাওয়াতী দশকের আয়োজন করা হয়েছে।

সমাবেশ শেষে হোসেনপুর উপজেলার কুড়িঘাট মোড় থেকে হাসপাতাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় পথচারী ও স্থানীয়দের মধ্যে ইসলামী জীবনদর্শনের পরিচিতিমূলক লিফলেট ও বই বিতরণ করা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ দাওয়াতী দশকের মাধ্যমে হোসেনপুর উপজেলার সাধারণ মানুষের সঙ্গে সংগঠনের পারস্পরিক সৌহার্দ্য ও গণসম্পর্ক আরও সুদৃঢ় হবে।

কুলিয়ারচরে পুলিশের হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা পলাতক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
কুলিয়ারচরে পুলিশের হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা পলাতক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামের এক আওয়ামী লীগ নেতা। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে।

রেনু মিয়া ওই এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় করা একটি মামলার আসামি রেনু মিয়া। মামলা হওয়ার পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

পুলিশ জানায়, সোমবার দুপুরে অভিযান চালিয়ে রেনু মিয়াকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। তবে এ সময় কোনো ধরনের হট্টগোল হয়নি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মানুষের ভিড়ের সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থায় রেনু মিয়া কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

১২ নভেম্বর প্রথম ধাপে ৮০ উপজেলায় ইউপি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
১২ নভেম্বর প্রথম ধাপে ৮০ উপজেলায় ইউপি নির্বাচন

আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউপি নির্বাচন হবে আগামী ১২ নভেম্বর।

তিনি বলেন, চট্টগ্রাম ও কুমিল্লা জেলায় তিনটি করে উপজেলায় প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ, এ দুই জেলায় উপজেলার সংখ্যা বেশি। এ ছাড়া যেসব জেলায় ১০টি বা তার বেশি উপজেলা রয়েছে, সেসব জেলার দুটি করে উপজেলায় প্রথম ধাপে ভোট হবে। এসব মিলিয়ে প্রথম ধাপে মোট ৮০টি উপজেলা নির্ধারণ করা হয়েছে।

ইসি সানাউল্লাহ বলেন, আদালতের রায়ের কারণে দুটি উপজেলায় নির্বাচন করতে হবে। আর বাকি উপজেলাগুলো বেশি সংখ্যক উপজেলা থাকা জেলাগুলোতে আনুপাতিক হারে সমন্বয় করে প্রথম ধাপে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ষষ্ঠ ও সপ্তম ধাপকে অপেক্ষাকৃত হালকা রাখা হবে।

নির্বাচন কমিশনার জানান, দ্বিতীয় ধাপে ভোট অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপে ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ধাপের ভোটের সম্ভাব্য তারিখ ২৭ মে।