অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন, এক বছরে শেষ করার পরিকল্পনা
আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করে ২০২৭ সালের অক্টোবরের মধ্যেই পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে একটি রোডম্যাপ প্রণয়নের কাজ শুরু করেছে। ওই পরিকল্পনা অনুযায়ী আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে নির্বাচন শুরু হবে এবং পরবর্তী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ব্রিফিংয়ে সাম্প্রতিক অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগের বিষয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, জুন মাসে বিভিন্ন এলাকায় অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খাদ্য নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের খাদ্য ব্যবসায়ীদের একটি সমন্বিত তথ্যভান্ডার (ডাটাবেজ) তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সচেতন করা হবে এবং অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা রোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে।
সাম্প্রতিক সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জনসভায় ককটেল বিস্ফোরণের প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য মাধ্যমে কটূক্তির বিষয়ে তিনি বলেন, এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তবে বর্তমান আইনি কাঠামো অনুযায়ী সব ধরনের মন্তব্য ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয় না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডকে অপরাধের আওতায় আনার বিষয়ে প্রয়োজনীয় আলোচনা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array