কিশোরগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার
কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. বায়েজিদ মিয়াকে (২০) ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে এসআরবি-১৪, কিশোরগঞ্জের সিপিসি-২-এর একটি আভিযানিক দল এসআরবি-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার সহায়তায় এ অভিযান পরিচালনা করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত বায়েজিদ তার প্রতিবেশী। স্কুলে যাতায়াতের পথে তিনি কিশোরীকে উত্ত্যক্ত করতেন এবং ভয়ভীতি দেখাতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বিষয়টি কিশোরী তার পরিবারকে জানালে পরিবারের সদস্যরা অভিযুক্তের পরিবারকে অবহিত করেন এবং তাঁকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে বলেন। এতে অভিযুক্ত ক্ষুব্ধ হন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারের বিবরণ অনুযায়ী, গত ১৪ জুন ২০২৬ দুপুর আনুমানিক আড়াইটার দিকে কিশোরীকে একা পেয়ে অভিযুক্ত তাঁর বসতঘরে প্রবেশ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে কিশোরগঞ্জের বিজ্ঞ শিশু সহিংসতা ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা করেন। আদালতের আদেশে গত ১০ সেপ্টেম্বর কটিয়াদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা নথিভুক্ত হয়। মামলার নম্বর ৯।
এসআরবির তথ্য অনুযায়ী, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে পলাতক আসামিকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মামলার প্রধান আসামি বায়েজিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।













Disqus comments are not configured yet.