রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
[gtranslate]
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির মনোনয়ন জমা দিলেন মো. শরীফুল আলম

আজিজুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৩:০০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির মনোনয়ন জমা দিলেন মো. শরীফুল আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টায় কুলিয়ারচর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের কাছে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ আলম এবং উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম।

মনোনয়ন জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মো. শরীফুল আলম বলেন, এই আসনের জনগণের প্রতি তাঁর দায়বদ্ধতা বহুদিনের। তিনি মাদক নির্মূল, উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চান। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন সকল প্রার্থীকে সমান সুযোগ দেবে এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখবে।

তিনি আরও বলেন, শহর রক্ষাবাঁধ নির্মাণ, বেকারত্ব, কৃষিখাতে সংকটসহ দীর্ঘদিন ধরে উপেক্ষিত সমস্যাগুলোর সমাধানে একটি পরিকল্পিত উন্নয়ন রোডম্যাপ নিয়ে তিনি কাজ করতে চান। এ সময় তিনি স্থানীয় জনগণকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এর আগে তিনি তাঁর পিতা আলম গ্রুপের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. সিদ্দিক মিয়ার কবর জিয়ারত করেন। পরে বেতিয়ারকান্দি পৌর সদর এলাকায় অবস্থিত তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে দেশ ও জাতির অগ্রগতি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয় এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

‘বড় বড় কথা বলে যারা, বিগত ১৭ বছরে তাদের রাজপথে দেখিনি’: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
‘বড় বড় কথা বলে যারা, বিগত ১৭ বছরে তাদের রাজপথে দেখিনি’: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে বিএনপির সঙ্গে যেসব রাজনৈতিক দল রাজপথে ছিল, তাদের নেতাকর্মীরা অত্যাচার-নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছেন। অথচ বর্তমানে যারা বিএনপি সরকারের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদের গত ১৭ বছরে রাজপথে দেখা যায়নি।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে তারা কী করবে, সেদিকে নজর রাখতে হবে। ১৯৭১ সালে তাদের ভূমিকা কী ছিল, তা মানুষ দেখেছে। একইভাবে ১৯৮৬ ও ১৯৯৬ সালেও তাদের ভূমিকা দেখা গেছে। গত ১৭ বছরের আন্দোলনেও তাদের রাজপথে দেখা যায়নি।

তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘বিগত ১৭ বছরের জনগণের আন্দোলনে তাদের রাজপথে দেখেছেন আপনারা?’

তারেক রহমান বলেন, এখন অনেকে ‘সংস্কার, সংস্কার’ বলে কথা বলছেন। কিন্তু বিএনপি ২০২২ সালেই সংস্কারের কথা বলেছিল। তখন সংস্কার নিয়ে তারা কোথায় ছিলেন—এ প্রশ্নও তোলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশে সবচেয়ে আগে সংস্কারের প্রস্তাবনা বিএনপি তথা খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষের সামনে উপস্থাপন করা হয়েছিল।

তিনি আরও বলেন, এখন দেশকে স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। কেউ অতীতের মতো জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলে তাদের সমুচিত জবাব দিতে হবে।

তারেক রহমান বলেন, ‘তোমাদের অতীত আমরা দেখেছি, আমরা জানি তোমরা অতীতে কী করেছ। কাজেই তোমাদের কথায় আমরা কান দেব না।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড এসব উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্যচাষি, জেলে, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন। পরে কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করেন।

কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে বৃষ্টির মধ্যে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

স্বনির্ভর ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে মৎস্য খাতকে আরও শক্তিশালী করতে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারা দেশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হচ্ছে। এ উপলক্ষে মৎস্যসম্পদ সংরক্ষণ, পোনা অবমুক্তকরণ, মৎস্যচাষিদের উৎসাহিত করাসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে দেশের মৎস্যসম্পদের উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা তুলে ধরে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

মৎস্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক (স্বর্ণপদক) দেন প্রধানমন্ত্রী।

মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন, সম্প্রসারণ, প্রশাসনিক দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তাদের এ পদক দেওয়া হয়। পরে পদকপ্রাপ্তদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দীন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. খালেদ কনকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে প্রধানমন্ত্রী কটিয়াদীর আচমিতা এলাকায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন।

মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ এবং কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন অনুদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচিও রয়েছে।

দিনব্যাপী কিশোরগঞ্জ সফর শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

শেখ হাসিনাকে ফেরানোর সিদ্ধান্তে আদালতের ভূমিকাই মুখ্য: ভারতীয় কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ
শেখ হাসিনাকে ফেরানোর সিদ্ধান্তে আদালতের ভূমিকাই মুখ্য: ভারতীয় কর্মকর্তা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত কেবল রাজনৈতিক বা কূটনৈতিক বিবেচনার ওপর নির্ভর করবে না; বরং ভারতের বিচারিক প্রক্রিয়া ও আদালতের সিদ্ধান্তের ওপরই এর চূড়ান্ত নিষ্পত্তি নির্ভর করবে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ সরকারি কর্মকর্তা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর রবিবার (১৬ আগস্ট) প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে ওই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে আনা অভিযোগগুলো ভারতীয় আইনের অধীনেও অপরাধ হিসেবে গণ্য হয় কি না, তা প্রত্যর্পণ আবেদনের বিচারিক পর্যালোচনায় অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। একই সঙ্গে ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার কূটনৈতিক উত্তেজনা কমাতে দুই দেশের মধ্যে নিবিড় যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে ২০১৩ সালের দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির বিধান অনুসরণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিক নথিপত্র ইতোমধ্যে নয়াদিল্লিতে পাঠানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, আবেদনটি নির্ধারিত নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।

প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী, রাজনৈতিক প্রকৃতির অপরাধ সাধারণত প্রত্যর্পণের আওতার বাইরে থাকলেও হত্যা, হত্যাচেষ্টা ও মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগকে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা না করার বিষয়টি চুক্তিতে উল্লেখ রয়েছে।

ফলে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে আনা অভিযোগগুলোর প্রকৃতি এবং সেগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে স্বীকৃত কি না—প্রত্যর্পণ প্রক্রিয়ায় এসব বিষয় বিশেষ গুরুত্ব পেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের Extradition Act, 1962 অনুযায়ী, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রত্যর্পণ আবেদন গ্রহণের পর প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য একজন বিশেষ তদন্তকারী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারে।

ম্যাজিস্ট্রেটের তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অপরাধের প্রাথমিক ভিত্তি পাওয়া গেলে প্রত্যর্পণের সুপারিশ করা হতে পারে। অন্যদিকে পর্যাপ্ত ভিত্তি না পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার সুযোগও রয়েছে।

অর্থাৎ, বাংলাদেশের পক্ষ থেকে করা প্রত্যর্পণ আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যানের ক্ষেত্রে কূটনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি ভারতের নিজস্ব আইনি ও বিচারিক প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে। দুই দেশের বর্তমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে বিষয়টি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথও খোঁজা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রত্যর্পণ ইস্যুতে বিচারিক প্রক্রিয়া এবং কূটনৈতিক আলোচনার দুটি ধারাই পাশাপাশি এগোতে পারে। শেষ পর্যন্ত ভারতের আদালতের সিদ্ধান্ত, সংশ্লিষ্ট আইন এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সামগ্রিক পরিস্থিতি চূড়ান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাঁর বিরুদ্ধে বাংলাদেশে দায়ের হওয়া বিভিন্ন মামলার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমও প্রত্যর্পণ ইস্যুটিকে নতুন করে গুরুত্ব দিয়েছে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে রায় ঘোষণার পর তাঁকে দেশে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক তাগিদ আরও জোরালো হয়েছে। তবে তাঁকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা দেশটির আইন, বিচারিক প্রক্রিয়া এবং কূটনৈতিক বিবেচনার সমন্বিত ফলাফলের ওপর নির্ভর করবে।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41