রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
[gtranslate]
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ড. খলিলুর রহমানের দায়িত্ব পালনে সাফল্য কামনা করলেন লাভরভ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ড. খলিলুর রহমানের দায়িত্ব পালনে সাফল্য কামনা করলেন লাভরভ

 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। একই সঙ্গে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় দেশগুলোর সম্মিলিত পদক্ষেপের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সপ্তাহে ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন সের্গেই লাভরভ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের প্রকাশিত তথ্য অনুযায়ী, বৈঠকে সাধারণ পরিষদের এজেন্ডা, সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি এবং জাতিসংঘকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সাধারণ পরিষদকে রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপের একটি কেন্দ্রীয় ও প্রতিনিধিত্বশীল ফোরাম হিসেবে উল্লেখ করা হয়। এর পরিবেশ উন্নত করা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপ পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন দুই পক্ষ।
লাভরভ আশা প্রকাশ করেন, বর্তমান অধিবেশনের কার্যক্রম পেশাদারভাবে পরিচালিত হবে এবং তা রাজনৈতিকীকরণমুক্ত থাকবে। একই সঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় দেশগুলো যেন সম্মিলিতভাবে কাজ করতে পারে, সেই প্রত্যাশাও জানান তিনি।
ড. খলিলুর রহমান চলতি অধিবেশনে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। ৮১তম অধিবেশনের মূল প্রতিপাদ্য হলো—‘আস্থা পুনঃপ্রতিষ্ঠা, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’। জাতিসংঘের তথ্য অনুযায়ী, অধিবেশনটি ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর শুরু হয়েছে।
বৈঠকে সাধারণ পরিষদের কার্যক্রমে সংলাপ, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনে ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

হোসেনপুরে কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ
হোসেনপুরে কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা, হোসেনপুর উপজেলা শাখার বৃত্তি পরীক্ষা-২০২৬-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার গোবিন্দপুর চাইল্ড কেয়ার আদর্শ প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজ্জ্বল সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন হোসেনপুর উপজেলা শাখা ও মডেল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি তাজুল ইসলাম বুলবুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন, এসারডি কলেজ হোসেনপুরের অধ্যাপক সৈয়দুজ্জামান পলাশ, মধ্য গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুয়েল, রায়পাশা মফিজ উদ্দিন মাদ্রাসার প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইউপি সদস্য সিদ্দিক হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, চাইল্ড কেয়ারে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম সিদ্দিক চঞ্চল বলেন, “আজকের এই উপহার যারা পেয়েছ, আগামী দিনে আরও ভালো পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। তোমরাই আগামী দিনের আলোকবর্তিকা। তোমাদের হাত ধরেই এই দেশ এগিয়ে যাবে। তোমাদের মাধ্যমে বাংলাদেশ একদিন সমৃদ্ধশালী ও সুন্দর দেশে রূপ নেবে।”

অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন চাইল্ড কেয়ার প্রি-কিন্ডারগার্টেনের পরিচালক মাজহারুল ইসলাম। চাইল্ড কেয়ার আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোছা. লিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

শান্তিপূর্ণ পরিবেশে কিশোরগঞ্জ বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
শান্তিপূর্ণ পরিবেশে কিশোরগঞ্জ বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

কিশোরগঞ্জ বড়বাজার ব্যবসায়ী সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকার জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট দেন ব্যবসায়ী ভোটাররা।

নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল। এ সময় তিনি নির্বাচনের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং ব্যবসায়ী ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

ভোটগ্রহণ শেষে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও প্রশাসনের সহযোগিতায় ছয় শতাধিক ভোট শান্তিপূর্ণভাবে গণনা চলছে বলে জানা গেছে। ভোট গণনা কার্যক্রম কেন্দ্রের সামনে লাইভে প্রদর্শন করা হচ্ছে।

এদিকে ভোট চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন পরিদর্শনে আসেন।

নির্বাচনে দুটি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে আরজু-দিলু-আলমগীর পরিষদ এবং খাইরুল-কাইয়ুম-জহির পরিষদ। দুই প্যানেলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ছিল। প্রশাসনের সহযোগিতায় ভোটগ্রহণ ও ভোট গণনা কার্যক্রম শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে।

বাজিতপুরে ১৯ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
বাজিতপুরে ১৯ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার

কিশোরগঞ্জের বাজিতপুরে অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। এ সময় তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসআরবি জানায়, বাংলাদেশ সরকারের ‘মাদকবিরোধী’ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি কঠোর ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিশেষ করে মাদক নির্মূল, অস্ত্র উদ্ধার, জঙ্গি দমন ও তালিকাভুক্ত অপরাধীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংস্থাটি।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ডালিম (৫০), শিল্পী (৪০), নার্গিস (২০) ও পাবেল মিয়া (২৬)। তাঁদের ঠিকানা কিশোরগঞ্জ জেলায় বলে জানানো হয়েছে।

এসআরবি-১৪ সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে কিশোরগঞ্জের বাজিতপুর থানার বাহেরনগর গ্রামে জনৈক ওয়াসিমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই চারজনকে আটক করা হয়।

অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাঁদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে এসআরবি। পরে তাঁদের দেওয়া তথ্য ও দেখানো মতে, প্লাস্টিকের বস্তার ভেতরে বিশেষ কায়দায় রাখা ১৯ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

এ ছাড়া অভিযান থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।