ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ: সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল ভারতে যাবে না। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সরকারের সিদ্ধান্ত স্পষ্ট—বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলবে না।
তিনি বলেন, “আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। আশা করি, আইসিসি আমাদের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগ বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে।”
আসিফ নজরুল আরও বলেন, দেশের মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দিয়ে মাথা নত করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। বিষয়টি গভীরভাবে বিবেচনা করেই সরকার এই অবস্থানে এসেছে। তিনি জানান, ক্রিকেটারদের সঙ্গেও ব্যক্তিগতভাবে কথা বলেছেন।
এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “আমরা আবারও আইসিসির সঙ্গে যোগাযোগ করবো।” একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “আমরা ভারতে খেলতে চাই না, শ্রীলঙ্কায় খেলতে চাই।”
প্রসঙ্গত, বুধবার আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের আবেদন নিয়ে ভোটাভুটির পর সংস্থাটি জানায়, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। অন্যথায় বাংলাদেশ দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হতে পারে এবং সে ক্ষেত্রে বিকল্প দল অন্তর্ভুক্ত করা হবে।
এ অবস্থায় বিসিবি সরকারে সঙ্গে আলোচনা করে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আইসিসির কাছে এক দিনের সময় চেয়েছিল।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array