দুবাইয়ে ১ হাজার ট্যাক্সিচালক নেবে কোম্পানি, এ মাসেই সাক্ষাৎকার
বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি। এ লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ আগস্ট রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার ও বাছাই অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ (আরএল-২৭৩৫) এ নিয়োগ কার্যক্রমের স্থানীয় আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। যোগ্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার ও বাছাই করতে দুবাইয়ের ওই কোম্পানির একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।
বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে কোম্পানি
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৭ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দুবাইয়ের ট্যাক্সি কোম্পানিটির একটি প্রতিনিধিদল বাংলাদেশ থেকে চালক নিয়োগের আগ্রহের কথা জানায়।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি জানায়, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমোজিন চালক হিসেবে কর্মরত রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি।
প্রতিনিধিদলের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশি কর্মীরা পরিশ্রমী হওয়ায় তাদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়।
আবেদনের যোগ্যতা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের ন্যূনতম এসএসসি পাস হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে।
চাকরির মেয়াদ দুই বছর। তবে মেয়াদ শেষে তা নবায়নের সুযোগ থাকবে। নির্বাচিত কর্মীরা প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী কমিশনভিত্তিক আয় করার সুযোগ পাবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল পরীক্ষা এবং এমিরেটস আইডি-সংক্রান্ত ব্যয় কোম্পানি বহন করবে। পাশাপাশি কর্মীদের আবাসনের ব্যবস্থাও করবে প্রতিষ্ঠানটি।
তবে গাড়ি পাওয়ার তিন মাস পর আবাসন ও সংশ্লিষ্ট সুবিধার জন্য নির্ধারিত অর্থ প্রতি মাসে বেতন থেকে কেটে নেওয়া হবে বলে নিয়োগের শর্তে উল্লেখ করা হয়েছে। অন্যান্য শর্ত ও সুযোগ-সুবিধা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।
সাক্ষাৎকারে যেসব কাগজপত্র লাগবে
সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে—
- মূল পাসপোর্ট;
- পাসপোর্টের রঙিন ফটোকপি;
- সাদা পটভূমির পাসপোর্ট সাইজের ছবি;
- ড্রাইভিং লাইসেন্স ও এর রঙিন ফটোকপি;
- জীবনবৃত্তান্ত (সিভি);
- শিক্ষাগত যোগ্যতার সনদের রঙিন ফটোকপি।
আগামী ২৯ ও ৩০ আগস্ট রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সাক্ষাৎকার ও বাছাই অনুষ্ঠিত হবে।
বিদেশে কর্মসংস্থানের সুযোগকে সামনে রেখে আগ্রহী প্রার্থীদের নিয়োগের শর্ত, বেতন-ভাতা, কমিশন কাঠামো, আবাসন সুবিধা এবং অন্যান্য ব্যয় সম্পর্কে বিস্তারিত জেনে ও যাচাই করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array