মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দিলে ইতিবাচকভাবে দেখবে পাকিস্তান
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে তা ইতিবাচকভাবে দেখবে পাকিস্তান। তবে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার প্রস্তাব দিলে বিষয়টি নিয়ে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ কথা জানান।
এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গতকাল জাতীয় সংসদে বলেন, বাংলাদেশকে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হলে সরকার বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করবে। তবে চুক্তিতে যোগ দেওয়ার আগে এর সম্ভাব্য ভালো-মন্দ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলেও জানান তিনি।
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি কাঠামো হিসেবে উল্লেখ করে খলিলুর রহমান বলেন, “এটা আমাদের পরিবার। এটা মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। তা নিয়ে অন্যান্যদের উদ্বেগের অবকাশ নেই।”
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবির কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, বাংলাদেশ যদি চুক্তিতে যোগ দেওয়ার প্রস্তাব দেয় বা এ বিষয়ে আগ্রহ প্রকাশ করে, তাহলে পাকিস্তান সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করবে।
তাহির আন্দ্রাবি বলেন, “এটি হলো একটি প্রতিরক্ষামূলক কাঠামো। যার লক্ষ্য হলো এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা।”
তিনি আরও বলেন, “একটি ক্রমবিকাশমান নিরাপত্তা কাঠামো হিসেবে এই চুক্তিতে সেসব দেশ যোগ দিতে পারবে, যারা যৌথ দায়িত্ব ও নিরাপত্তার স্বার্থে একই অঙ্গীকার ব্যক্ত করে।”
বাংলাদেশের বিষয়ে ইঙ্গিত করে পাকিস্তানের এই মুখপাত্র বলেন, কোনো দেশ যদি চুক্তিতে যুক্ত হওয়ার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেয়, তাহলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে তা বিবেচনা করা হবে।
তবে মক্কা প্রতিরক্ষা চুক্তি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পাকিস্তানের বক্তব্যে স্পষ্ট হয়েছে, চুক্তিতে নতুন কোনো দেশের অন্তর্ভুক্তির বিষয়টি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে বিবেচনা করা হবে। বাংলাদেশের পক্ষ থেকেও চুক্তিতে যোগ দেওয়ার আগে এর সুযোগ-সুবিধা, সম্ভাব্য ঝুঁকি ও জাতীয় স্বার্থের বিষয়গুলো পর্যালোচনার কথা বলা হয়েছে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array