সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে তিন দিনব্যাপী উৎসবের সমাপনী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে তিন দিনব্যাপী উৎসবের সমাপনী

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে বর্ণাঢ্য র‌্যালি, পর্যটন মেলা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও সি-বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি পর্যটন জোনের সি-ইন পয়েন্ট থেকে বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লাবণী পয়েন্টে আয়োজিত পর্যটন মেলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল বলেন, কক্সবাজারের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ ও বিশ্বমানের করে তুলতে সরকার একটি মাস্টারপ্ল্যান বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এই পরিকল্পনার মাধ্যমে পর্যটন অবকাঠামোর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং পর্যটকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, পর্যটন খাতের বিভিন্ন অংশীজন, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী এবং পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’। এ উপলক্ষে কক্সবাজারে তিন দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পর্যটন মেলা, সৈকত পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীত, ফায়ার শো, ব্যান্ড শো, ঘুড়ি উৎসব এবং পর্যটকদের জন্য বিভিন্ন প্রদর্শনী। তিন দিনব্যাপী পর্যটন মেলা রোববার নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, কক্সবাজারকে নিরাপদ, আধুনিক, পরিবেশবান্ধব ও বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

কালেমা পড়ে মৌখিকভাবে দ্বিতীয় বিয়ে করেছিলেন এমপি গাজী নজরুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
কালেমা পড়ে মৌখিকভাবে দ্বিতীয় বিয়ে করেছিলেন এমপি গাজী নজরুল

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত ও সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে কালেমা পড়ে মৌখিকভাবে বিয়ে করেছিলেন বলে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। পরে নিজ এলাকায় ওই বিয়ের কাবিন রেজিস্ট্রি করা হয় বলেও তিনি স্বীকার করেছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দ্বিতীয় দফার রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে গাজী নজরুল জানান, মামলার বাদী তার পূর্ব আত্মীয় এবং সম্পর্কে ভাগিনা। মরিয়ম তার নাতনি-সম্পর্কের আত্মীয়। ঢাকায় এলে তিনি প্রায়ই বাদীর বাসায় থাকতেন এবং সংসদ সদস্য হিসেবে তার বিভিন্ন কাজকর্ম সেখান থেকেই পরিচালনা করতেন। সেই সূত্রে মরিয়মের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে এবং গত ১৭ জুন তিনি কালেমা পড়ে মৌখিকভাবে মরিয়মকে বিয়ে করেন।

আবেদনে আরও বলা হয়, এটি একটি চাঞ্চল্যকর মামলা। রিমান্ডে পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। এ অবস্থায় আসামিকে জামিনে মুক্তি দেওয়া হলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। তাই তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত জামিন নামঞ্জুর করেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর প্রথম দফায় চার দিনের এবং ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। মামলায় গ্রেপ্তারের পর মাকসুদা ইসলাম এক দিনের রিমান্ড শেষে ২২ সেপ্টেম্বর এবং ওবায়দুর রহমান ২৩ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হন।

টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির হাতে ২ লাখ পিস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির হাতে ২ লাখ পিস উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচারের সময় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী মেজরের ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, নিয়মিত টহলের সময় উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ থেকে প্রায় ৫০০ মিটার উত্তরে মেজরের ঘের এলাকায় এক ব্যক্তিকে মাথায় মাছভর্তি একটি ক্যারেট নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি ক্যারেটটি ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যান।

পরে বিজিবি সদস্যরা ক্যারেটটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটের ২০টি কার্টনে রাখা ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেন। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ইয়াবা সরবরাহকারী ও এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

হোসেনপুরে বিএমইউজের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

এস কে শাহীন নবাব প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
হোসেনপুরে বিএমইউজের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

বিএমইউজে হোসেনপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ‘জুলাই যোদ্ধা’ শওকত হোসেন।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএমইউজের সভাপতি খাইরুল ইসলাম, জেলা প্রতিনিধি মো. আজিজুল হক ফাহিম, হোসেনপুর উপজেলা বিএমইউজের সভাপতি ও ‘দৈনিক নওরোজ’-এর উপজেলা প্রতিনিধি সাংবাদিক এসকে শাহীন নবাব, ‘দৈনিক কালের নতুন সংবাদ’-এর উপজেলা প্রতিনিধি আতাহার আলী মৃধা, ‘দৈনিক কিশোরগঞ্জ’-এর উপজেলা প্রতিনিধি সনজিৎ শীল, ‘সাপ্তাহিক সুরুক’-এর প্রতিনিধি মো. তাওহীদ হাসান, ‘দৈনিক জনতার শক্তি’-এর বিশেষ প্রতিনিধি মো. সুজন মিয়া ও প্রতিনিধি শাহ আলম মাহাবুব রাজীব, ‘জুলাই যোদ্ধা’ ও ‘অপরাধ জগত’-এর উপজেলা প্রতিনিধি মো. রাজীব আহমেদ পিয়াস, ‘কালের নতুন সংবাদ’-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম এবং ‘এসকে বাংলা টিভি’-এর বিশেষ প্রতিনিধি মো. মোস্তফা আহমেদ ডালিম।

বৃক্ষরোপণকালে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশকে সবুজ ও বাসযোগ্য রাখতে সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে বিএমইউজে হোসেনপুর উপজেলা শাখা নিয়মিত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

কর্মসূচি শেষে আয়োজকেরা জানান, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বিএমইউজে ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব ও জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখবে।