প্রধানমন্ত্রীর উদ্বোধনে সরকারি ভবনের ছাদে দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প
সরকারি ভবনের অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় স্থাপিত রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো থেকে এসব সৌরবিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রকল্পের আওতায় তিন উপজেলায় সরকারি বিভিন্ন স্থাপনার ছাদে সোলার প্যানেল বসানো হয়েছে। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, এসব স্থাপনায় মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট বা প্রায় শূন্য দশমিক ৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে। সরকারি ভবনে স্থাপিত দেশের প্রথম এ ধরনের সৌরবিদ্যুৎ প্রকল্প হিসেবে এটিকে উল্লেখ করা হচ্ছে।
নেট মিটারিং ব্যবস্থার আওতায় প্রথমে উৎপাদিত বিদ্যুৎ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা মেটাতে ব্যবহার করা হবে। প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
প্রকল্পের আওতায় ফুলগাজী উপজেলায় উপজেলা পরিষদ ভবন, জেলা পরিষদ ডাকবাংলো এবং ছয়টি ইউনিয়ন পরিষদ ভবনসহ আটটি সরকারি স্থাপনায় সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। এসব স্থাপনায় সম্মিলিত উৎপাদন সক্ষমতা ২৪৯ কিলোওয়াট। ছয়টি ইউনিয়ন পরিষদ ভবনের প্রতিটিতে প্রায় ২৫ কিলোওয়াট ক্ষমতার সোলার সিস্টেম বসানো হয়েছে। উপজেলা পরিষদ ভবনে স্থাপিত সিস্টেমটির সক্ষমতা প্রায় ১০৩ কিলোওয়াট।
ছাগলনাইয়া উপজেলায় উপজেলা পরিষদ ও পৌরসভা ভবন, ডাকবাংলো এবং ইউনিয়ন পরিষদ ভবনসহ ১২টি সরকারি স্থাপনায় সোলার প্যানেল বসানো হয়েছে। এসব স্থাপনায় মোট ৪১৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।
অন্যদিকে, পরশুরাম উপজেলায় উপজেলা পরিষদ ভবন, অডিটোরিয়াম, তিনটি ইউনিয়ন পরিষদ ভবন ও জেলা পরিষদ ডাকবাংলোসহ ছয়টি স্থাপনায় সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। এসব স্থাপনায় উৎপাদন সক্ষমতা ২৯৮ দশমিক ৫ কিলোওয়াট।
প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (আরইবি)। তবে প্রকল্পের মোট ব্যয়ের নির্দিষ্ট হিসাব এখনো পাওয়া যায়নি। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. নুরুল হোসাইন জানিয়েছেন, তিন উপজেলায় প্রকল্পটি বাস্তবায়নে আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকা ব্যয় হতে পারে।
এদিকে, ফেনী সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।
বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কর্মসূচিতেও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array