বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ কোটি টাকার সোনা পাচারের চেষ্টা ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
পাঁচ কোটি টাকার সোনা পাচারের চেষ্টা ব্যর্থ

ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের সোনা ও সোনার পেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। রান্নার ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতরে লুকিয়ে এবং মানবদেহের রেক্টামে বিশেষ কৌশলে ডিম্বাকৃতির সোনার পেস্ট বহন করে আনা হয়েছিল।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গতকাল রোববার (১৮ অক্টোবর) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতর থেকে ৪৬৬ গ্রাম ওজনের চারটি খণ্ডিত সোনার বার উদ্ধার করা হয়। ওই যাত্রী ১০০ গ্রাম স্বর্ণালংকার বহনের ঘোষণা দিলেও অতিরিক্ত সোনা থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে ঘোষিত স্বর্ণালংকারসহ মোট ৫৬৬ গ্রাম সোনা আটক করা হয়। শুল্ক-করসহ আটক সোনার আনুমানিক মূল্য ৯৮ লাখ ৩০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা আগে থেকেই গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থানে ছিলেন। আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৫০ ফ্লাইটে আসা যাত্রী কামরুল ইসলামের ব্যাগেজ তল্লাশি করে এসব সোনা উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও বড় চালান ধরা পড়ে। মালদ্বীপ থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৩৮ ফ্লাইটে আসা দুই যাত্রীর রেক্টাম থেকে তিনটি করে মোট ছয়টি ডিম্বাকৃতির সোনার পেস্টের বস্তু উদ্ধার করা হয়।

সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে চালানো এ অভিযানে উদ্ধার করা বস্তুগুলোর প্রাথমিক মোট ওজন পাওয়া যায় ২ কেজি ৭৩৪ গ্রাম। এগুলোর আনুমানিক মূল্য প্রায় চার কোটি টাকা।

তবে দুই যাত্রীর কাছ থেকে উদ্ধার করা বস্তুগুলোতে প্রকৃত সোনার পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আলামত যথাযথভাবে সংরক্ষণের স্বার্থে বস্তুগুলো অবিকৃত রেখে উপযুক্ত পরীক্ষার পর বিশুদ্ধ সোনার ওজন ও প্রকৃত মূল্য নির্ধারণ করা হবে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গোপন তথ্য, নিবিড় নজরদারি ও ঝুঁকিভিত্তিক যাত্রী তল্লাশির মাধ্যমে সোনা চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।

আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন বিলুপ্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন বিলুপ্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে দলটি ও এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সাতজন ‘জুলাই যোদ্ধার’ পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির রিটটি দায়ের করেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এবং বর্তমানে শরীরে গুলি বয়ে বেড়ানো ‘জুলাই যোদ্ধা’ (হেলথ কার্ডধারী) হিসেবে নিজেদের পরিচয় দিয়ে তাঁরা জনস্বার্থে ও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে এ রিট করেন।

রিট আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে প্রকাশিত সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল ও অন্যান্য কনটেন্ট এবং সহিংসতায় উসকানি দেয়—এমন যেকোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্রসচিব, পররাষ্ট্রসচিব, আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগসচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এবং তথ্য ও সম্প্রচারসচিবকে।

আবেদনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন—বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ ও মৎস্যজীবী লীগসহ দলটির সঙ্গে সম্পৃক্ত অন্য সংগঠনগুলোকে সংসদে আইন প্রণয়ন বা অধ্যাদেশের মাধ্যমে নিষিদ্ধ ও রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত করা এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এ ছাড়া টেলিভিশন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়া, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা ন্যায্যতা দেওয়া এবং ‘জুলাই যোদ্ধাদের’ ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও সম্প্রচারকারী চ্যানেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।

রিটে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দণ্ডবিধির কয়েকটি ধারা এবং সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসিকে নির্দেশনা দেওয়ার আর্জি জানানো হয়েছে।

একই সঙ্গে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আওয়ামী লীগের সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল অপসারণ বা ব্লক করা এবং সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও মদদদাতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের নির্দেশনাও চাওয়া হয়েছে।

তাড়াইলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রুহুল আমিন প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
তাড়াইলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী ও উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে উপস্থিত ব্যক্তিরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়ন এবং সার্বিক আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত ব্যক্তিরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিজয় দিবসের সব আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

দুই দিনব্যাপী সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা যুবদলের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
দুই দিনব্যাপী সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা যুবদলের

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ২৯ ও ৩০ নভেম্বর দুই দিনব্যাপী সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বুধবার (২৫ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ নভেম্বর (রোববার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে সমাবেশ ও মিছিল করবে। একই দিন দেশের সব জেলা ও মহানগর যুবদল নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে।

পরদিন ৩০ নভেম্বর (সোমবার) উপজেলা, থানা ও পৌর যুবদল নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিল করবে।

ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।