নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জের করিমগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে করিমগঞ্জ কলেজ মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কলেজ মোড়ে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আনন্দ বাজার ও নয়াকান্দি মোড়সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলের আগে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান।
কর্মসূচিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন (ভিপি সুমন)। এতে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মানুষের প্রত্যাশা অনুযায়ী শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।
তাঁরা আরও বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে। একই সঙ্গে নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা।













Disqus comments are not configured yet.