শরিফ ওসমান হাদি হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা সম্পন্ন হবে
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (২২ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফেসবুক স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেছেন, “শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ধারা ১০ অনুযায়ী পুলিশ রিপোর্ট দাখিলের পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে।”
এর আগে ইনকিলাব মঞ্চ শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে আলাদা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি তোলে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের জন্য একটি দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করা জরুরি। প্রয়োজনে আন্তর্জাতিক মানের পেশাদার তদন্ত সংস্থার সহায়তা নিতে হবে। তিনি আরও বলেন, এটি কোনো তথাকথিত ‘বন্দুকযুদ্ধ’ নয়—এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে প্রকাশ্য ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে।







