মসজিদের মিম্বর থেকে সংসদে—সিলেট-৫ আসনে ইমাম আবুল হাসানের বিজয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মোহাম্মদ আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। এতে আবুল হাসানের জয় ব্যবধান দাঁড়ায় ৯ হাজার ৫৮১ ভোট।
জকিগঞ্জ উপজেলার মাঝরগ্রামে জন্ম নেওয়া ৫৯ বছর বয়সী মোহাম্মদ আবুল হাসান পেশায় একজন ইমাম, খতিব ও শিক্ষক। তিনি ১৯৯৩ সাল থেকে শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন। পাশাপাশি ২০০০ সালের জুন মাস থেকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় মোহাম্মদ আবুল হাসান বলেন,
“আল্লাহর রাসুল (সা.) মিম্বর থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই আদর্শ অনুসরণ করেই আমি মসজিদের মিম্বর থেকে সংসদ ভবনে উঠে দেশ ও মিল্লাতের খিদমতে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, জকিগঞ্জ ও কানাইঘাট এলাকার মানুষের সার্বিক উন্নয়নে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরিকল্পিতভাবে কাজ করা হবে।







