নদী বাঁচাতে পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশবান্ধব নগর গড়ার বার্তা ভিপি সোহেলের
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান (ভিপি সোহেল) নরসুন্দা নদী ও শহরের পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন। বুধবার (২৭ মে) বিকেলে শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন এলাকা ও মুক্তমঞ্চের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে তিনি ফলজ বৃক্ষরোপণ করেন।
বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভিপি সোহেল বলেন, “দেশনায়ক তারেক রহমান বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে সারাদেশে পরিবেশ রক্ষার একটি বৈপ্লবিক উদ্যোগ গ্রহণ করেছেন। বাংলাদেশকে জলবায়ু ঝুঁকি থেকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
তিনি জানান, দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ‘ন্যাশনাল গ্রিন মিশন’ কর্মসূচির অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে বনাঞ্চল বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
ভিপি সোহেল বলেন, নরসুন্দা নদীর কচুরিপানা অপসারণ ও নদীর পাড় পরিষ্কার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পাগলা মসজিদ এলাকা থেকে শুরু হওয়া এ অভিযান ধাপে ধাপে আরও বিস্তৃত করা হবে। একদিনে সব কাজ সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।
তিনি আরও বলেন, তরুণদের জন্য সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। তারা যেন সুস্থ পরিবেশে সময় কাটাতে পারে, সে লক্ষ্যেই নদীপাড় ও উন্মুক্ত স্থানগুলোকে আরও উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
নদীর পাড়ের ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নদীতে ময়লা ফেলা বন্ধ করতে হবে। পৌরসভার নির্ধারিত স্থান ও ডাস্টবিন ছাড়া কোথাও বর্জ্য ফেলা যাবে না। পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব।”
নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথাও উল্লেখ করেন জেলা পরিষদ প্রশাসক। তিনি বলেন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি নদীপাড় এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থাও করা হচ্ছে।
এ সময় তিনি জানান, জেলা পরিষদের উদ্যোগে নরসুন্দা লেকপাড়ে বিভিন্ন পয়েন্টে চার থেকে পাঁচটি পাবলিক টয়লেট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে চলাচলকারী মানুষ প্রয়োজনীয় সুবিধা পান এবং পরিবেশ দূষণ কমে।
নদী ও সরকারি জমি দখলকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে ভিপি সোহেল বলেন, “অচিরেই নদী ও জমি দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই দখলবাজদের ছাড় দেওয়া হবে না।”
এর আগে দুপুরে নিজ বাসভবন থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে আখড়া বাজার ব্রিজ এলাকায় কর্মহীন এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেন ভিপি সোহেল। পরে তাকে নরসুন্দা নদীর কচুরিপানা অপসারণ ও আশপাশের পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত করা হয়।
স্থানীয়রা জানান, কর্মহীন মানুষকে সহায়তার পাশাপাশি জনস্বার্থে পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত করার এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।










