মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

এসএসবি সভার অপেক্ষায় পুলিশের উচ্চপর্যায়ের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:২০ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
এসএসবি সভার অপেক্ষায় পুলিশের উচ্চপর্যায়ের পদোন্নতি

সরকারের বিভিন্ন ক্যাডারে নিয়মিত পদোন্নতি হলেও বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে পদোন্নতির প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে আছে। অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও উপমহাপরিদর্শক (ডিআইজি) পর্যায়ে একাধিক পদ শূন্য থাকার পরও প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্ত না হওয়ায় পদোন্নতি দেওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, প্রয়োজনীয় নথিপত্র ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শেষ হলেও মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভা আহ্বান না হওয়ায় পুরো প্রক্রিয়া থমকে আছে।

উচ্চপর্যায়ের পদোন্নতি আটকে থাকায় এর প্রভাব পড়ছে নিচের ধাপেও। এতে একদিকে পুলিশের নেতৃত্বের স্বাভাবিক ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে, অন্যদিকে দীর্ঘদিন পদোন্নতির অপেক্ষায় থাকা কর্মকর্তাদের মধ্যে হতাশা ও মনোবল কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ অধিদপ্তরের একাধিক সূত্র জানায়, পদোন্নতির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মজীবনের বিবরণ, বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর), গোয়েন্দা সংস্থার ভেটিং প্রতিবেদনসহ প্রয়োজনীয় নথিপত্র ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন এসএসবি সভা আহ্বান করে পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষা।

পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত আইজিপি পর্যায়ে পদোন্নতি হলে পরবর্তী ধাপে ডিআইজি পদে শূন্যতা তৈরি হবে। এতে নিচের ধাপের কর্মকর্তাদেরও পদোন্নতির সুযোগ সৃষ্টি হবে। ফলে উচ্চপর্যায়ের একটি সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের পদোন্নতি-জট অনেকটাই কাটতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন কারণে পদোন্নতি থেকে বঞ্চিত হওয়া বেশ কিছু কর্মকর্তা বর্তমানে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর অতিরিক্ত আইজিপি, ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পর্যায়ের ১৪১ কর্মকর্তাকে অবসরে পাঠানো হলেও প্রত্যাশিত সংখ্যায় নিয়মিত পদ শূন্য হয়নি।

সূত্রগুলো বলছে, এর অন্যতম কারণ হলো সাবেক সরকারের সময়ে নিয়মিত পদের বাইরে অতিরিক্ত বা সুপারনিউমারারি পদ সৃষ্টি করে পদোন্নতি দেওয়ার নজির। বর্তমান সরকার সুপারনিউমারারি পদে পদোন্নতি না দিয়ে প্রয়োজন অনুযায়ী নতুন নিয়মিত পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের একাধিক দল কাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রের হিসাবে, বাংলাদেশ পুলিশের নিয়মিত ডিআইজি পদের সংখ্যা ৮৭। এর মধ্যে বর্তমানে ৮২টি পদে কর্মকর্তা কর্মরত রয়েছেন। ফলে পাঁচটি পদ শূন্য রয়েছে। পুলিশের বিসিএস ২০ ব্যাচের বেশ কয়েকজন কর্মকর্তা ডিআইজি পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন।

অতিরিক্ত আইজিপি পর্যায়ে গ্রেড-২-এর ২০টি এবং গ্রেড-১-এর দুটি—মোট ২২টি পদ রয়েছে। এর মধ্যে পাঁচটি পদ শূন্য রয়েছে। এ ছাড়া অতিরিক্ত আইজিপি পর্যায়ে পাঁচটি সুপারনিউমারারি পদ রয়েছে। পুলিশের বিসিএস ১৭ ও ১৮ ব্যাচের কয়েকজন কর্মকর্তা এই পর্যায়ে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন।

পুলিশ অধিদপ্তর সম্প্রতি অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদে পদোন্নতির জন্য ১৪ কর্মকর্তার একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তালিকার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রও সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এখন মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে এসএসবি সভা অনুষ্ঠিত হলে পদোন্নতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে মনে করছেন কর্মকর্তারা।

পুলিশের একাধিক কর্মকর্তার মতে, অতিরিক্ত আইজিপি পদে পাঁচজনকে পদোন্নতি দেওয়া হলে সমসংখ্যক ডিআইজি পদ শূন্য হবে। এরপর ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হলে নিচের ধাপেও পদোন্নতির সুযোগ তৈরি হবে। অর্থাৎ উচ্চপর্যায়ের পদোন্নতির একটি সিদ্ধান্ত পুরো পদোন্নতি-শৃঙ্খলকে সচল করতে পারে।

পুলিশের একাধিক কর্মকর্তা বলছেন, প্রশাসন ক্যাডারে ধারাবাহিকভাবে পদোন্নতি হলেও পুলিশের ক্ষেত্রে একই গতি দেখা যাচ্ছে না।

সম্প্রতি প্রশাসন ক্যাডারের ২৫ ব্যাচের কর্মকর্তাদের যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর প্রায় এক বছর আগে ২৪ ব্যাচের কর্মকর্তারাও যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। অথচ পুলিশের ২৪ ব্যাচের একটি বড় অংশ এখনও অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত।

একইভাবে পুলিশের ২৫ ব্যাচের কর্মকর্তাদের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতির জন্য বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভাও এখনো আহ্বান করা হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অন্যদিকে পুলিশের ৩০ ব্যাচের অনেক কর্মকর্তা দীর্ঘদিন ধরে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতির যোগ্য হলেও এখনো পদোন্নতি পাননি। বিপরীতে প্রশাসন ক্যাডারের ৩০ ব্যাচের উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা পদ শূন্য না থাকলেও সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন বলে সূত্রগুলো জানিয়েছে।

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের ভাষ্য, উচ্চপর্যায়ের পদোন্নতি দীর্ঘদিন আটকে থাকায় নিচের ধাপের পদোন্নতিও বিলম্বিত হচ্ছে। ফলে একই ব্যাচের কর্মকর্তাদের মধ্যে কর্মজীবনে বৈষম্যের অনুভূতি তৈরি হওয়ার পাশাপাশি হতাশাও বাড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় দিন-রাত কাজ করার পরও যদি বছরের পর বছর পদোন্নতির অপেক্ষায় থাকতে হয়, তাহলে হতাশা তৈরি হওয়া স্বাভাবিক।”

আরেক কর্মকর্তা বলেন, “পদোন্নতি শুধু আর্থিক সুবিধার বিষয় নয়; এটি একজন কর্মকর্তার কর্মপ্রেরণা ও নেতৃত্বের স্বীকৃতির সঙ্গেও জড়িত।”

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, দীর্ঘদিন পদোন্নতি আটকে থাকায় অনেক কর্মকর্তার মধ্যে হতাশা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মকর্তাদের মনোবল গুরুত্বপূর্ণ। পদোন্নতি অনিশ্চিত হয়ে পড়লে পেশাগত উদ্দীপনায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে পদোন্নতির ক্ষেত্রে মেধা, জ্যেষ্ঠতা, শৃঙ্খলাজনিত রেকর্ড এবং সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা জরুরি বলে মনে করেন জনপ্রশাসন বিশ্লেষকেরা।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী কোনো মন্তব্য করতে চাননি। পুলিশ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা। এরপরই পুলিশের ডিআইজি ও অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ফলে বর্তমানে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ কর্মকর্তাদের নজর এসএসবি সভার দিকে। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের এই সিদ্ধান্তহীনতার অবসান ঘটিয়ে শূন্য পদে দ্রুত পদোন্নতি দেওয়া গেলে পুলিশের উচ্চপর্যায়ের নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নিচের ধাপের পদোন্নতির পথও উন্মুক্ত হবে।

তবে সিদ্ধান্তহীনতা আরও দীর্ঘ হলে উচ্চপর্যায় থেকে মাঠপর্যায়ের নেতৃত্ব পর্যন্ত এর প্রভাব বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশে প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনে ভিসাকে প্রধানমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
বাংলাদেশে প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনে ভিসাকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা। একই সঙ্গে ডিজিটাল আর্থিক সেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল পেমেন্ট ও প্রযুক্তি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিনের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্টিফেন কার্পিন বাংলাদেশে ভিসার বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আগ্রহের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট বলেন, যেসব ব্যাংক হিসাবধারী এখনো কার্ড ব্যবহারের আওতার বাইরে রয়েছেন, তাদের কার্ড ব্যবহারে উৎসাহিত করা এবং দেশে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে কাজ করতে চায় ভিসা।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার ক্ষেত্রেও ভিসা কাজ করতে আগ্রহী বলে জানান স্টিফেন কার্পিন।

সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেন আরও সহজ করতে মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ক্রিয়েটিভ ইকোনমির বিকাশে অবদান রাখার আগ্রহের কথাও জানান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট। বিশেষ করে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় নিরাপদ ও সহজে দেশে আনার জন্য কার্যকর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার অথবা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে আহ্বান জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মা-ছেলের একসঙ্গে এসএসসি, দুজনেরই জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
মা-ছেলের একসঙ্গে এসএসসি, দুজনেরই জিপিএ-৫

সংগ্রহীত ছবি

বিয়ের পর থেমে গিয়েছিল পড়াশোনা। সংসার, সন্তান আর নানা দায়িত্বের ব্যস্ততায় আর হয়ে ওঠেনি লেখাপড়া। তবে মনের ইচ্ছেটা ছিল অটুট। শেষ পর্যন্ত স্বামীর অনুপ্রেরণা ও নিজের দৃঢ় ইচ্ছাশক্তিতে বিয়ের ১৯ বছর পর আবারও পড়াশোনায় ফিরলেন মোসাম্মৎ সাদিয়া বেগম। শুধু পরীক্ষায় অংশ নেওয়াই নয়, ছেলে ও মা একই সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুজনেই অর্জন করেছেন জিপিএ-৫।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে রাজশাহীর এই মা-ছেলের সাফল্য এলাকায় বেশ সাড়া ফেলেছে। ছেলে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবং মা সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। ফল প্রকাশের পর দুজনেরই জিপিএ-৫ পাওয়ার খবরে পরিবারে নেমে আসে আনন্দের বন্যা।

সাদিয়া বেগম জানান, বিয়ের পর সংসারজীবনে প্রবেশ করায় নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এরপর সংসারের দায়িত্ব, সন্তানের দেখাশোনা এবং ছেলের পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় কেটেছে। তবে নিজের পড়াশোনা শেষ করার ইচ্ছা কখনো হারিয়ে যায়নি।

তিনি বলেন, স্বামীর অনুপ্রেরণায় আবার পড়াশোনা শুরু করার সিদ্ধান্ত নেন। সংসারের কাজের পাশাপাশি ছেলের স্কুল, কোচিং ও পড়াশোনার দেখভাল করেও নিজের পড়াশোনার জন্য সময় বের করেছেন। নানা ব্যস্ততার মধ্যেও নিয়মিত পড়াশোনা চালিয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন।

সাদিয়া বেগম বলেন, “বিয়ের পর পড়ালেখাটা আর হয়ে ওঠেনি। নিজের ইচ্ছা এবং স্বামীর অনুপ্রেরণায় আবার এসএসসি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিই। সংসারের কাজ, ছেলের পড়াশোনা, স্কুল ও কোচিং সামলানোর পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে গেছি। মা ও ছেলে দুজনেই জিপিএ-৫ পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।”

পরিবারের সদস্যরা জানান, মা ও ছেলের একসঙ্গে এসএসসি পরীক্ষা দেওয়া এবং দুজনেরই জিপিএ-৫ পাওয়া তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। বিশেষ করে দীর্ঘ ১৯ বছর পর সাদিয়া বেগমের পড়াশোনায় ফিরে এসে এমন ফলাফল অর্জন অন্যদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

সাদিয়া বেগমের স্বামী পুলিশের বিশেষ ইউনিটে কর্মরত তোফাজ্জল হোসেন এশিয়া পোস্টকে বলেন, “আমার স্ত্রী ও ছেলে দুজনের এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিয়ের পর সংসার ও সন্তান সামলাতে গিয়ে আমার স্ত্রীর পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তাঁর পড়াশোনা করার ইচ্ছাটা সবসময়ই ছিল। আমি তাঁকে নতুন করে পড়াশোনা শুরু করতে উৎসাহ দিয়েছি।”

তিনি আরও বলেন, “সংসারের কাজ, ছেলের পড়াশোনা ও অন্যান্য দায়িত্ব সামলে সে যে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে, এটা সত্যিই অনেক বড় অর্জন। একই সঙ্গে ছেলে জিপিএ-৫ পাওয়ায় আমাদের আনন্দ আরও দ্বিগুণ হয়েছে। আমি মনে করি, ইচ্ছাশক্তি ও পরিবারের সহযোগিতা থাকলে বয়স বা সংসারের দায়িত্ব কোনো কিছুই শিক্ষার পথে বাধা হতে পারে না। আমার স্ত্রী ও ছেলে দুজনই আমাদের পরিবারের জন্য গর্বের।”

বিয়ের পর দীর্ঘ বিরতি, সংসার ও সন্তান পালনের দায়িত্ব—সবকিছুর পরও নিজের শিক্ষাজীবন নতুন করে শুরু করে এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেছেন সাদিয়া বেগম। তাঁর সঙ্গে একই পরীক্ষায় অংশ নিয়ে ছেলেরও জিপিএ-৫ অর্জন মা-ছেলের এই সাফল্যকে করেছে আরও বিশেষ। তাঁদের এই অর্জন প্রমাণ করেছে, দৃঢ় ইচ্ছা ও পরিবারের সহযোগিতা থাকলে জীবনের কোনো পর্যায়েই শিক্ষার পথ থেমে থাকতে হয় না।

অসুস্থ এমপির গলায় রামদা ধরে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
অসুস্থ এমপির গলায় রামদা ধরে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, আদালতে মামলা

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে গলায় রামদা ধরে তাঁর বসতবাড়িসহ সম্পত্তি জোরপূর্বক লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংসদ সদস্যের স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে তাঁর তিন সৎ ভাইসহ আটজনের বিরুদ্ধে দিরাই আদালতে মামলা করেছেন।

সোমবার (১০ আগস্ট) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জসিমের আদালতে মামলাটি করা হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।

মামলার প্রধান আসামিরা হলেন—নাছির উদ্দিন চৌধুরীর সৎ ভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুক, মিজানুর রহমান চৌধুরী ও মোসলেহ উদ্দিন চৌধুরী। অন্য আসামিরা হলেন দিরাই উপজেলার মাতারগাঁওয়ের আমিরুল ইসলাম, পুরাতন কর্ণগাঁওয়ের ছয়ফুল চৌধুরী, দলিল লেখক মুজিবুর রহমান, তাজুল ইসলাম এবং মোহরার মমতাজ বেগম।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নাছির উদ্দিন চৌধুরী অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম থাকার সুযোগে তাঁর দুই স্ত্রী ও সন্তানদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার পরিকল্পনা করেন আসামিরা। এর অংশ হিসেবে ২০২২ সালের ২৫ জানুয়ারি দিরাই সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দুই কর্মচারীকে কর্মকর্তা পরিচয়ে নাছির উদ্দিন চৌধুরীর বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, বাড়িতে নিয়ে যাওয়ার পর অসুস্থ নাছির উদ্দিন চৌধুরীকে একটি দলিলে স্বাক্ষর করতে বলা হয়। তিনি এতে অসম্মতি জানালে একপর্যায়ে আসামিরা তাঁর গলায় রামদা ধরে প্রাণনাশের হুমকি দেন এবং জোরপূর্বক স্বাক্ষর নেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ সময় নাছির উদ্দিন চৌধুরীর অপর স্ত্রী শেলী চৌধুরী বাধা দিতে গেলে তাঁকেও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে। একই সময় সংসদ সদস্যের এক সমর্থক ওয়াকিব হাসান সেখানে উপস্থিত হয়ে ঘটনাটি দেখে ফেললে তাঁকেও ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া ২০২২ সালের জানুয়ারিতে সংসদ সদস্যের বাড়িতে গেলে তাঁর স্ত্রী পারভিন আক্তারকে মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলার বাদী পারভিন আক্তার গণমাধ্যমকে বলেন, নাছির উদ্দিন চৌধুরী স্ট্রোক করার পর গুরুতর অসুস্থ অবস্থায় থাকাকালে তাঁর গলায় রামদা ধরে বসতবাড়িটি লিখে নেওয়া হয়। সংসদ সদস্য হওয়ার অনেক আগেই তাঁর স্বামী ওই বাড়ি নির্মাণ করেছিলেন বলেও দাবি করেন তিনি।

পারভিন আক্তারের ভাষ্য, বিষয়টি নিয়ে তাঁর স্বামী দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন। পরে নাছির উদ্দিন চৌধুরী তাঁকে আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষমতা (পাওয়ার অব অ্যাটর্নি) দিলে তিনি আদালতের শরণাপন্ন হন।

তবে সম্পত্তি জোর করে লিখে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মামলার প্রধান আসামি ও নাছির উদ্দিন চৌধুরীর সৎ ভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুক।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘গলায় দা ধরে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ সত্য নয়। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। মামলার বিষয়টি বিস্তারিত জেনে আমরা আইনিভাবেই এর মোকাবিলা করব।’

দিরাই আদালতের পেশকার মুহিত লাল চন্দ মিঠু মামলার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী সিআইডি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে। ওই প্রতিবেদন পাওয়ার পর আদালত পরবর্তী আইনগত পদক্ষেপ নেবেন বলে জানা গেছে।

নাছির উদ্দিন চৌধুরী দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য। দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে সৎ ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছিল বলে জানা গেছে। তাঁর অসুস্থতাকে কেন্দ্র করে সম্পত্তি জোরপূর্বক লিখে নেওয়ার এমন অভিযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে মামলায় করা অভিযোগের সত্যতা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সিআইডির তদন্ত প্রতিবেদন এবং পরবর্তী আদালতের কার্যক্রমের মধ্য দিয়েই অভিযোগগুলোর প্রকৃত সত্যতা নির্ধারিত হবে।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41