‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে পাকুন্দিয়ায় পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলা
বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে উপজেলা সদর ঈদগাহ মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
উদ্বোধন উপলক্ষে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজা আক্তার ও স্বর্ণা চক্রবর্তী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এস.এ.এম. মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, নার্সারি মালিক এবং বিপুলসংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তারা অংশগ্রহণকারী নার্সারি মালিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের উৎপাদিত বিভিন্ন ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা ঘুরে দেখেন।
আয়োজকরা জানান, এবারের বৃক্ষমেলায় উপজেলার বিভিন্ন নার্সারির ২২টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বৃক্ষমেলার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ফলজ, বনজ ও ঔষধি গাছের চাষে আগ্রহ সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করা।













