বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াইলের মাঠজুড়ে সবুজ আমন, বাম্পার ফলনের স্বপ্ন কৃষকদের

রুহুল আমিন প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
তাড়াইলের মাঠজুড়ে সবুজ আমন, বাম্পার ফলনের স্বপ্ন কৃষকদের

যত দূর চোখ যায়, দেখা মেলে শুধু সবুজ আর সবুজ। ফসলের মাঠজুড়ে যেন সবুজের চাদর বিছানো। রোদ-বৃষ্টির খেলায় প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে সবুজের স্নিগ্ধ আভা। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর হালকা বাতাসে দুলছে আমন ধানের ক্ষেত। সবুজের ঢেউখেলানো এমন মনোরম দৃশ্য এখন চোখে পড়ছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকায়। মাঠজুড়ে আমন ধানের সবুজ সমারোহ দেখে বাম্পার ফলনের স্বপ্ন বুনছেন স্থানীয় কৃষকেরা।

কৃষকের মুখে হাসি ফোটাতে এবং খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি বিভাগের পরামর্শ ও তদারকিতে আধুনিক কৃষিপদ্ধতির ব্যবহার বাড়ছে। চলতি মৌসুমে তাড়াইলের কৃষকেরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে জমি প্রস্তুত, চারা রোপণ ও পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন। জমিতে ধানগাছের সবুজ সতেজতা দেখে তাঁদের মনে দানা বাঁধছে আগামীর সোনালি স্বপ্ন। তবে কাঙ্ক্ষিত ফলন পেতে শেষ পর্যন্ত অনুকূল আবহাওয়া বজায় থাকার প্রত্যাশা করছেন তাঁরা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে তাড়াইল উপজেলায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৮২৩ হেক্টর জমিতে। এর মধ্যে হাইব্রিড জাতের জন্য ৫৪০ হেক্টর, উচ্চফলনশীল (উফশী) জাতের জন্য ৭ হাজার ২৮০ হেক্টর এবং স্থানীয় জাতের জন্য ৩ হেক্টর জমি নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত হাইব্রিড ৫০০ হেক্টর, উফশী ৪ হাজার ৯৫০ হেক্টর ও স্থানীয় জাতের ৩ হেক্টরসহ মোট ৫ হাজার ৪৫৩ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।

সরেজমিনে উপজেলার তালজাঙ্গা, রাউতি ও তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের সবুজ সমারোহ। কোথাও কৃষকেরা জমির পরিচর্যায় ব্যস্ত, আবার কোথাও ধানগাছের বেড়ে ওঠা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তাঁরা। কৃষকদের আশা, বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার আমনের ভালো ফলন হবে।

উপজেলার এক কৃষক ছফর উদ্দীন জানান, চলতি মৌসুমে তিনি চার বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। সময়মতো সার প্রয়োগ ও নিয়মিত পরিচর্যা করায় ধানগাছের অবস্থা বেশ ভালো। জমির বর্তমান অবস্থা দেখে তিনি বাম্পার ফলনের আশা করছেন। তবে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলেই কেবল সেই আশা পূরণ হবে বলে মনে করেন তিনি।

আরেক কৃষক মুহিবুল ইসলাম বলেন, কৃষি বিভাগের পরামর্শে এবার তিনি ছয় বিঘা জমিতে আমন ধান আবাদ করেছেন। প্রতি বিঘা জমিতে চাষাবাদ, শ্রমিকের মজুরি, সারসহ অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ১০ হাজার টাকা ব্যয় হয়েছে। বর্তমানে তাঁর জমি সবুজ ধানগাছে ভরে গেছে। কিছুদিনের মধ্যে ধানের শীষ বের হবে। নিয়মিত জমির পরিচর্যা করছেন তিনি। গত বছরের তুলনায় এবার ভালো ফলন ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন এই কৃষক।

তাড়াইল-সাচাইল ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তা আফরিন রোবাইয়া সাথী, আরাফাত হোসাইন ও গোলাম মুহাম্মাদ সুমন বলেন, আমন ধানের চারা রোপণের পর থেকে জমিতে যথাযথ পরিচর্যা করায় মাঠের অবস্থা ভালো রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় কৃষকেরা ভালো ফলনের আশা করছেন। ধানখেতে পোকামাকড়ের আক্রমণ কমাতে তাঁরা কৃষকদের জমিতে কঞ্চি ও গাছের ডাল পুঁতে রাখার পরামর্শ দিচ্ছেন, যাতে পাখি বসে ক্ষতিকর পোকামাকড় খেতে পারে। এ ছাড়া বিভিন্ন জাতের ধান চাষ এবং জমির নিয়মিত পরিচর্যার মাধ্যমে ফলন বাড়াতে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।

তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় বলেন, বর্তমানে উপজেলার আমন ধানের ক্ষেতগুলো সবুজে ছেয়ে গেছে। কৃষকেরা যাতে কাঙ্ক্ষিত ফলন পান, সে জন্য কৃষি বিভাগ সার্বক্ষণিক খোঁজখবর রাখছে এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এ মৌসুমে আমন ধানের ভালো, এমনকি বাম্পার ফলনও হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন বিলুপ্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন বিলুপ্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে দলটি ও এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সাতজন ‘জুলাই যোদ্ধার’ পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির রিটটি দায়ের করেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এবং বর্তমানে শরীরে গুলি বয়ে বেড়ানো ‘জুলাই যোদ্ধা’ (হেলথ কার্ডধারী) হিসেবে নিজেদের পরিচয় দিয়ে তাঁরা জনস্বার্থে ও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে এ রিট করেন।

রিট আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে প্রকাশিত সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল ও অন্যান্য কনটেন্ট এবং সহিংসতায় উসকানি দেয়—এমন যেকোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্রসচিব, পররাষ্ট্রসচিব, আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগসচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এবং তথ্য ও সম্প্রচারসচিবকে।

আবেদনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন—বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ ও মৎস্যজীবী লীগসহ দলটির সঙ্গে সম্পৃক্ত অন্য সংগঠনগুলোকে সংসদে আইন প্রণয়ন বা অধ্যাদেশের মাধ্যমে নিষিদ্ধ ও রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত করা এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এ ছাড়া টেলিভিশন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়া, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা ন্যায্যতা দেওয়া এবং ‘জুলাই যোদ্ধাদের’ ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও সম্প্রচারকারী চ্যানেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।

রিটে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দণ্ডবিধির কয়েকটি ধারা এবং সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসিকে নির্দেশনা দেওয়ার আর্জি জানানো হয়েছে।

একই সঙ্গে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আওয়ামী লীগের সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল অপসারণ বা ব্লক করা এবং সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও মদদদাতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের নির্দেশনাও চাওয়া হয়েছে।

তাড়াইলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রুহুল আমিন প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
তাড়াইলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী ও উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে উপস্থিত ব্যক্তিরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়ন এবং সার্বিক আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত ব্যক্তিরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিজয় দিবসের সব আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

দুই দিনব্যাপী সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা যুবদলের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
দুই দিনব্যাপী সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা যুবদলের

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ২৯ ও ৩০ নভেম্বর দুই দিনব্যাপী সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বুধবার (২৫ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ নভেম্বর (রোববার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে সমাবেশ ও মিছিল করবে। একই দিন দেশের সব জেলা ও মহানগর যুবদল নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে।

পরদিন ৩০ নভেম্বর (সোমবার) উপজেলা, থানা ও পৌর যুবদল নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিল করবে।

ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।