হোসেনপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হকের অবসরজনিত বিদায়
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হকের অবসরজনিত বিদায় উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এক আবেগঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহসীন মাসনাদ, ডাঃ তানভীর হাসান জিকো, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ এহচানুল হক, ওসি তদন্ত লিমন বোস, বিআরডিপির অফিসার হামিম রানা এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা এমদাদুল হকের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি দায়িত্ব পালনের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে উপজেলার শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ও ইতিবাচক পরিবর্তন এসেছে।
অনুষ্ঠান শেষে সহকর্মীদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। বিদায়ী বক্তব্যে এমদাদুল হক কর্মজীবনে সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি কামনা করেন।
অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।










