রেলওয়ের জমি বেহাতের অভিযোগ; পুনরুদ্ধার-সংস্কারের আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সরকারি জমিকে কৃষি জমি হিসেবে দেখিয়ে অবৈধভাবে লিজ দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, এই জমি কখনোই কৃষি জমির শ্রেণিভুক্ত ছিল না; বরং এটি রেলওয়ের সরকারি সম্পত্তি হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে।
২০০৬ সালের ৭ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিশোরগঞ্জ সফরকালে নবনির্মিত রেলওয়ে স্টেশন ভবনের উদ্বোধন করেন। তবে বর্তমানে স্টেশন চত্বরের অবস্থা অত্যন্ত শোচনীয় বলে স্থানীয়দের অভিযোগ।
সরেজমিনে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রীর উদ্বোধনী ফলকসহ পুরো স্টেশন এলাকা চরম অবহেলায় পড়ে আছে। গেটসংলগ্ন একসময়ের দৃষ্টিনন্দন বাগান এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। রাস্তা, ফুটপাত ও রেলওয়ের বাগানের মধ্যে কোনো ডিভাইডার বা সীমানা প্রাচীর না থাকায় এবং নিয়মিত পরিচর্যার অভাবে সর্বত্র ঝোপঝাড় গজিয়ে উঠেছে, যা স্থানটির সৌন্দর্য নষ্ট করে বেমানান পরিবেশ তৈরি করেছে।
এছাড়া, রাতের অন্ধকার ও নীরবতার সুযোগে এলাকাটি মাদকসেবীদের আড্ডাখানা এবং অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
স্টেশন মাস্টার মোঃ খলিলুর রহমান জানান, স্টেশন এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের জন্য জেলা পরিষদ প্রশাসকের কাছে ইতোমধ্যে আবেদন করা হয়েছে।
গত শুক্রবার (১০ এপ্রিল) থেকে জেলা পরিষদ, রেড ক্রিসেন্ট ও কিশোরগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে কিশোরগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, “বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত কিশোরগঞ্জ রেলস্টেশনের সামনের অবহেলিত চত্বরটি পরিষ্কার করে পুনর্নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, “বিগত সরকারের আমলে কীভাবে সরকারি জমিকে কৃষি জমি দেখিয়ে লিজ দেওয়া হয়েছে, তা দ্রুত খতিয়ে দেখা হবে। সরকারি ক্ষমতার অপব্যবহার করে সম্পদ বেহাতের বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা হবে।”
স্টেশনের সার্বিক উন্নয়নে তিনি কয়েকটি পরিকল্পনার কথা জানান- স্টেশন চত্বরে স্থায়ী বাউন্ডারি ওয়াল নির্মাণ; ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন; প্ল্যাটফর্মে আধুনিক বসার বেঞ্চ স্থাপন; অবকাঠামোগত সার্বিক উন্নয়ন।
তিনি বলেন, “কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন আমাদের জেলার প্রবেশদ্বার। এর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখা সবার দায়িত্ব। যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি স্টেশন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
এদিকে রেলওয়ের জমি বেহাত ও পরিবেশ বিনষ্টের বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। একই বিষয়ে রেলওয়ে মন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে জেলা পরিষদ প্রশাসকের এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে কিশোরগঞ্জের সচেতন নাগরিক সমাজ তা স্বাগত জানিয়েছে।







