সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ভালুকায় নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ভালুকায় নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

ময়মনসিংহের ভালুকায় রবীন্দ্র ঋষি (৪৩) নামের এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সাদ্দাম হোসেন (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মোড় এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট থেকে তাঁকে আটক করা হয়।

নিহত রবীন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকায় কাশেম মিয়ার বাসায় ভাড়া থাকতেন এবং সেখানে একটি সেলুন পরিচালনা করতেন। অভিযুক্ত সাদ্দাম একই এলাকার বাবুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্রের সেলুনে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবীন্দ্র সেখান থেকে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। সেখানেও তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে পাশের একটি বাড়ির উঠানে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানেও তাঁকে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের স্ত্রী সূচিত্রা অভিযোগ করেন, নেশার জন্য সাদ্দাম প্রায়ই তাঁর স্বামীর কাছ থেকে টাকা নিতেন। এ ছাড়া সেলুনে চুল কাটিয়ে টাকা পরিশোধ করতেন না। সম্প্রতি টাকা না দেওয়া এবং চুল কাটতে না দেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও সাদ্দাম তাঁর স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে রবীন্দ্র ও সাদ্দামের মধ্যে পূর্ববিরোধ ছিল। ঘটনার সময় রবীন্দ্র নিজের সেলুনে অবস্থান করছিলেন। এ সময় সাদ্দাম অতর্কিতভাবে ধারালো ছুরি দিয়ে তাঁর বুকে, পিঠে, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যান। গুরুতর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ভালুকা থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। পরে অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত সাদ্দামকে আটক করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক সুবীর বসাক আর নেই

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক সুবীর বসাক আর নেই

কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সুবীর বসাক আর নেই। আজ সোমবার (২ নভেম্বর) তিনি মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জের সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সুবীর বসাক দীর্ঘদিন ধরে দৈনিক ইত্তেফাকের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী কর্মকাণ্ডের খবর তুলে ধরেছেন। তাঁর প্রতিবেদনে কিশোরগঞ্জের স্থানীয় ইতিহাস, সংস্কৃতি, সামাজিক আন্দোলন এবং আঞ্চলিক উন্নয়নের নানা বিষয় গুরুত্ব পেয়েছে।

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ছড়া উৎসব, প্রতিধ্বনি থিয়েটারের উৎসবসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন ও সামাজিক আন্দোলনের সংবাদ নিয়মিত তুলে ধরতেন তিনি। পাশাপাশি হাওরাঞ্চলের নারী উন্নয়ন এবং ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয় নিয়েও তাঁর বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে সুবীর বসাক কিশোরগঞ্জের গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। তাঁর মৃত্যুতে জেলার সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গন একজন অভিজ্ঞ সংবাদকর্মীকে হারাল।

হোসেনপুরে নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি, চিকিৎসাসেবায় প্রস্তুত হাসপাতাল

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
হোসেনপুরে নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি, চিকিৎসাসেবায় প্রস্তুত হাসপাতাল

কিশোরগঞ্জের হোসেনপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে প্রস্তুত রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতি, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতামূলক প্রচারণার কারণে উপজেলায় ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ২৮ জন, সেপ্টেম্বরে ৩৩ জন এবং অক্টোবরে ৩৭ জন রোগী ভর্তি হন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৯৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে একজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

ডেঙ্গু প্রতিরোধ ও আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসচেতনতা বাড়াতে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি হাসপাতাল চত্বর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং হাসপাতাল এলাকায় মশার ওষুধ ছিটানোর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা শয্যা, পর্যাপ্ত স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের মজুদ রাখা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বেশি। তবে পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো বলেন, “ডেঙ্গু নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে অসচেতন থাকলে ঝুঁকি বাড়তে পারে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজের ইচ্ছামতো ওষুধ, বিশেষ করে ব্যথানাশক ওষুধ সেবন থেকে বিরত থাকতে হবে।”

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু হাসপাতাল বা স্বাস্থ্য বিভাগের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ও বিভিন্ন পাত্রে পানি জমতে না দেওয়া এবং দিনে-রাতে মশারি ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।

স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা, পরিচ্ছন্ন পরিবেশ এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণ গুরুত্বপূর্ণ। তাই আতঙ্কিত না হয়ে সচেতনতা ও সতর্কতার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমাতে হবে।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জে মাছের পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জে মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে শহরের নগুয়া এলাকার দারুল উলুম মহিলা এতিমখানার ফিশারিতে মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোশতাক আহমেদ শাহীনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

মাছের পোনা অবমুক্তকালে প্রধান অতিথির বক্তব্যে খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় যুবদলের নেতাকর্মীরা দেশ গড়ার কাজে নিজেদের আত্মনিয়োগ করেছেন। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করায় তিনি যুবদলকে ধন্যবাদ জানান। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী দুই মাসব্যাপী যুবদল এ ধরনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল হক খান শ্যামল মিলকী, সাবেক পৌর কাউন্সিলর আফতাব উদ্দীন মিলন, জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সুমন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভীন এবং সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সাইফুল ইসলামসহ যুবদল, মৎস্যজীবী দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মাছের পোনা অবমুক্ত করার পর প্রধান অতিথি দারুল উলুম মহিলা এতিমখানাটি পরিদর্শন করেন। এ সময় এতিমখানার শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের পরিবেশিত আবেগঘন গান উপভোগ করেন। শিশুদের কল্যাণে কম্পিউটার ও সেলাই মেশিন প্রদান এবং তাদের বসবাসের জন্য মানসম্মত অবকাঠামো নির্মাণের ঘোষণা দেন তিনি।

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ উদ্যোগে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এতিমখানার ফিশারিতে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।