হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কায়কোবাদ
সংগ্রহীত ছবি
হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার ওপর জোর দিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, “আমরা হজযাত্রীদের খাদেম। তাদের যথাযথ সেবা দিতে না পারলে আমাদের পদত্যাগ করা উচিত।”
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় অবস্থিত হজ ক্যাম্প-এ আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে মন্ত্রী আরও জানান, হজযাত্রীদের সেবার মান নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, “হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র এই সফরে যেতে পারেন, সে বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি।”
এ সময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ক্যাম্পের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতেই উড্ডয়ন করবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই হজক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা।
পরিদর্শনের সময় ধর্মমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাত্রাপূর্ব প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, হজযাত্রীদের সেবায় সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। “এটি একটি ইবাদতসংশ্লিষ্ট সফর, তাই এখানে কোনো অবহেলার সুযোগ নেই,” বলেন তিনি।
হজ ক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রব প্রসঙ্গে মন্ত্রী বলেন, “যা করার প্রয়োজন, তা দ্রুতই করা হবে,” এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
উল্লেখ্য, হজ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম তদারকিতে সরকার বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে এবং যাত্রীসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।










